
সুকান্ত মজুমদার
শেষ আপডেট: 6 June 2024 19:07
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ভোট পরবর্তী বিক্ষিপ্ত হিংসার খবর আসছে। অশান্তির খবর পেয়ে বৃহস্পতিবার ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে মিনাখাঁর উদ্দেশে রওনা হয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু তার আগেই রাস্তায় আটকে দেওয়া হয় তাঁর গাড়ি। বটতলার কাছে বিজেপির সভাপতির গাড়ি আটকে দলীয় পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল নেতা-কর্মী সমর্থকরা। তাঁকে ঘিরে 'জয় বাংলা' ও 'গো ব্যাক' স্লোগান দিতে থাকে। গাড়ি থেকে নেমে পড়েন সুকান্তবাবু। তৃণমূল কর্মীদের সঙ্গে সামান্য বচসাও হয় তাঁর। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। বিক্ষোভকারীদের সরিয়ে সুকান্ত মজুমদারের গাড়ি বের করে আনে।
এর পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্তবাবু বলেন, " এখানে আইয়ুব হোসেন গাজি নামে এক তৃণমূল নেতার নেতৃত্বে এখানে সন্ত্রাস চলছে। এলাকার মানুষকে হুমকি দেওয়া হচ্ছে।" এর পরেই তাঁকে উদ্দেশ করে বলেন, " আমি পরিষ্কার বলে দিতে চাই, যে দেখুন আইয়ুব ভাই, শেখ শাহজাহান কেউ ছোট নেতা ছিল না, বড় সাইজের ছিল, সময়ে এসছে ঠিক হয়ে যাও। তা না হলে সব সোজা হয়ে যাবে।"
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আটপুকুরের কচুরহুলো এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের বাড়িঘর ভাঙচুর করা হয়। এই ঘটনার পিছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রয়েছে বলে অভিযোগ। আনুমানিক ১০ থেকে ১২ টি ঘর-ভাঙচুর করা হয়। পাশাপাশি দুটি মোটর বাইক, তিনটি সাইকেল সহ একাধিক বাড়ি থেকে টিভি, ফ্রিজ সহ দামি জিনিসপত্র লুটপাট করা হয়েছে বলে অভিযোগ। ভয়ে ঘর ছেড়েছেন এলাকার শতাধিক বাসিন্দা। তাঁরা অন্যত্র আশ্রয় নিয়েছেন। যাঁরা রয়েছেন তাঁরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এদিকে চৌধুরী চক এলাকায় ভাঙচুর করা হয়েছে প্রায় ছয়টি বাড়ি। হাড়োয়া থানার কুলটি অঞ্চলের অন্তর্গত এই অঞ্চলেও সন্ত্রাসের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের একটি গোষ্ঠীর বিরুদ্ধে বিজেপিকে ভোট দেওয়ার অভিযোগ এনেছে তৃণমূলের অপর গোষ্ঠী। তাঁদের মধ্যে সংঘর্ষ বেঁধেছিল। এতেই তেতে ওঠে এলাকা। অভিযোগ, বুধবার রাতে আদি তৃণমূলের কর্মী-সমর্থকদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ঘটনার পিছনে নব্য তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছে বলে দাবি করেছেন আক্রান্তরা। এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তপ্ত রয়েছে ওই এলাকা। আতঙ্কে ঘরছাড়া বহু তৃণমূলের কর্মী সমর্থক।