
মৌসম বেনজির নূর - ফাইল চিত্র
শেষ আপডেট: 21 March 2024 11:54
দ্য ওয়াল ব্যুরো: কয়েক সপ্তাহ আর বাকি। তারপরই শুরু হয়ে যাবে লোকসভা ভোট। তৃণমূল কংগ্রেস ছাড়া এখনও কোনও দল সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করেনি বাংলার জন্য। তবে শাসক শিবিরের প্রার্থী ঘোষণার পর থেকে দেখা যাচ্ছে একাধিকজন অভিমানী হয়ে পড়ছেন। টিকিট না পেয়ে এবার আশাহত হয়ে পড়েছেন মালদা উত্তরের দু’বারের প্রাক্তন সাংসদ মৌসম বেনজির নূর।
লোকসভা ভোট যত এগিয়ে আসছে তৃণমূলে অভিমানী মুখের সংখ্যা যেন তত বাড়ছে। বিগত কয়েকদিন ধরেই এই তালিকায় ছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, শান্তনু সেন, হুমায়ুন কবীর। এবার নাম যোগ হল মৌসম বেনজির নূরের। তিনি বললেন, টিকিট পাবেন বলে আশাবাদী ছিলেন। বিজেপির বিরুদ্ধে জেতার ব্যাপারে তাঁর আত্মবিশ্বাস ছিল। কিন্তু প্রত্যাশা পূরণ হল না।
মালদা উত্তরের দু’বারের প্রাক্তন সাংসদ সংবাদমাধ্যমে বলেন, ''আগেরবার আমি বিজেপির কাছে হেরে গেছিলাম। এবার আমার ধারণা ছিল যে টিকিট পেলে জিতব। বিজেপিকে হারানোর জন্য প্রত্যাশাও তৈরি হয়েছিল। কিন্তু তেমন কিছু হল না।'' মৌসম যে অভিমানী তাঁর বক্তব্য থেকে তা স্পষ্ট। যদিও তিনি সরাসরি দল বা দলনেত্রীর বিরুদ্ধে মুখ খোলেননি। তাঁর কথায়, দল যা সিদ্ধান্ত নিয়েছে তা তিনি অনুগত সৈনিক হিসেবে মেনে নিচ্ছেন। যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা নিশ্চয়ই ভেবে নেওয়া হয়েছে।
২০১৯ সালের ভোটের ফল নিয়ে ঠিক কী বলেছেন মৌসম বেনজির নূর? তাঁর দাবি, গত লোকসভা ভোটে একই পরিবার থেকে দুজন প্রার্থী হয়েছিলেন। তার কারণে ভোট ভাগাভাগি হয়ে যায়। সেই কারণেই তিনি হেরে যান। তবে এবার জয় নিয়ে ভীষণ আশাবাদী ছিলেন তিনি। কিন্তু প্রত্যাশা অনুযায়ী টিকিট পাননি মৌসম। এই আবহেই তাঁর দলবদল নিয়ে জল্পনা ছড়িয়েছিল। কিন্তু তিনি যে কোনও দল পরিবর্তন করছেন না তা জানিয়ে দিয়েছেন।
এবার উত্তর মালদায় তৃণমূলের প্রার্থী হয়েছেন প্রাক্তন পুলিশকর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায়। প্রার্থী ঘোষণার পর থেকে গত কয়েকদিন সেভাবে দলের হয়ে প্রচারে দেখা যায়নি মৌসমকে। অনেকেই ধরে নিয়েছিলেন তিনি হয়তো দলবদলের কথা ভাবছেন। কিন্তু সেইসব জল্পনায় জল ঢেলে দিয়েছেন তিনি নিজেই। স্পষ্ট জানিয়েছেন, দলের উপর পূর্ণ আস্থা রয়েছে তাঁর। খুব তাড়াতাড়ি প্রচারও নামবেন তিনি।