
সৌম্য রায়, মমতা বন্দ্যোপাধ্যায়, লাভলী মৈত্র
শেষ আপডেট: 2 April 2024 18:32
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের আগে তৃণমূল বিধায়ক লাভলী মৈত্রর স্বামী সৌম্য রায়কে নির্বাচনী প্রক্রিয়া থেকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তিনি ছিলেন কলকাতা পুলিশের বেহালা ডিভিশনের ডিসি। কমিশনের এই সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা কেন্দ্রকে তাঁর প্রশ্ন, নিজেদের কটা অফিসার বদলি করেছে?
কমিশন সূত্রে খবর, নির্বাচন সংক্রান্ত খবর সৌম্যর কাছে আছে। এছাড়া সৌম্য রাজ্য সরকারের হয়েও প্রচুর কাজ করেছেন বলেও কমিশনের কাছে অভিযোগ জমা পড়েছে। তাই তাঁকে সরিয়েছে কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায় এই মূহূর্তে রয়েছে উত্তরবঙ্গে। এই বদলির কথা জানতে পারার পর তিনি সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিয়ে বলেন, স্ত্রী বিধায়ক বলে কেউ কী চাকরিই করবে না? কেন্দ্রকে তাঁর পাল্টা তোপ, নিজেদের কটা অফিসারকে বদলি করেছে, কজন বিএসএফকে বদলি করেছে, সে তথ্য নেই। মমতার অভিযোগ, বাংলার বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণ করা হচ্ছে।
মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে চিঠি দিয়ে সৌম্যকে সরানোর কথা জানানো হয়েছে। যেখানে বলা হয়েছে, আইপিএস সৌম্য রায়কে কলকাতা পুলিশের দক্ষিণ-পশ্চিম বিভাগের (বেহালা) ডিসি পদ থেকে সরাতে হবে। পরিবর্তে কোনও অ-নির্বাচনী পদে তাঁকে রাখতে হবে। দক্ষিণ পশ্চিম ডিভিশনের ডিসিপি পদে কাকে নিয়োগ করা হবে, তা ঠিক করতে রাজ্যকে কয়েকজন অফিসারের নাম পাঠাতে হবে। আগামীকাল ৩ এপ্রিল দুপুর তিনটের মধ্যে রাজ্যের তরফে সেই নামগুলি জানাতে হবে।
সৌম্য রায়ের বদলির বিষয় ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আরবিআই অফিসারদের সঙ্গে সাক্ষাৎ করার বিষয় নিয়েও আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, আদর্শ আচরণবিধি লাগু থাকাকালীন এসব কাজ করা যায় না। আইন সকলের জন্য সমান হওয়া উচিত।