
শেষ আপডেট: 10 March 2024 12:45
দ্য ওয়াল ব্যুরো: সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিরুদ্ধে শেষমেশ প্রার্থী করা হতে পারে তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্যকে।
এখন বেলা ১২টা। আর কিছুক্ষণের মধ্যে ব্রিগেডের জনসভা থেকে লোকসভা ভোটে দলের প্রার্থী তালিকা ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শেষমেশ কোনও নাটকীয় পরিবর্তন না হলে অভিজিতের বিরুদ্ধে দেবাংশুকে প্রার্থী করা হতে পারে।
অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম এখনও তমলুক লোকসভার প্রার্থী হিসাবে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেনি বিজেপি। তবে নন্দীগ্রামে তাঁর নামে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। আগে স্থির ছিল, তমলুকে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করবেন মমতা-অভিষেক। কিন্তু তমলুকে প্রার্থী হতে চাননি দিদি নাম্বার ওয়ান। তাঁকে সম্ভবত হুগলি আসনে প্রার্থী করা হবে। আর দেবাংশুকে প্রার্থী করা হবে তমলুকে।
কদিন আগে অভিজিতের নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তোমার মুখোশ খুলে গেছে। যে ছাত্রছাত্রীদের তোমরা চাকরি থেকে বঞ্চিত করেছ আমি তাঁদেরই নিয়ে তোমার বিরুদ্ধে প্রচার করব। এখন মনে করা হচ্ছে, সেই সম্ভাব্য ছাত্র মুখ হতে পারেন দেবাংশু।
আর কিছুক্ষণের অপেক্ষা। দেখা যাক, সত্যিই দেবাংশুকে তমলুকে প্রার্থী করা হয় কিনা।