
শেষ আপডেট: 16 April 2024 22:11
দ্য ওয়াল ব্যুরো: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টার তল্লাশি বিতর্কের মাঝেই এবার নিশীথ প্রামাণিকের কনভয়ে চেকিং। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে তল্লাশি চালায় পুলিশ এবং নির্বাচন কমিশনের আধিকারিকেরা। দুপুরে ভেটাগুড়ি থেকে কোচবিহারের পথে দিনহাটায় নিশীথের কনভয়ে চেকিং হয়। এদিকে গাড়িতে তল্লাশি নিয়ে পুলিশের সঙ্গে বিজেপি প্রার্থীর বচসা বেঁধে যায়।
এদিন প্রচারের কাজে যাচ্ছিলেন নিশীথ। সেই সময় তাঁর গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয় বলে সূত্রের খবর। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নিশীথের গাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনের আধিকারিকরা।
প্রাথমিকভাবে এভাবে গাড়ি তল্লাশি চালানোর কোনও নিয়ম আছে কিনা, তা নিয়ে নিশীথের নিরাপত্তারক্ষীদের সঙ্গে পুলিশের বাদানুবাদ শুরু হয়। এরপর ম্যাজিস্ট্রেট সামনেই চলে তল্লাশি। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এসডিও, এসডিপিও।
কোচবিহারের দেওয়ানহাট এলাকায় এদিন নিশীথের গাড়ি আটকানো হয়। পুলিশের তরফে দাবি করা হয়েছে, কোচবিহারের বিজেপি প্রার্থীর গাড়িতে রুটিন মাফিক তল্লাশি করা হয়েছে। ভোটের দু’দিন আগে এই ঘটনায় দিনহাটায় রাজনৈতিক উত্তাপ আরও কিছুটা বাড়ল বলেই মনে করা হচ্ছে।
নববর্ষের দিন কলকাতায় বেহালা ফ্লাইং ক্লাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে তল্লাশি চালায় আয়কর দফতর। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন অভিষেক। ইতিমধ্যে সেই কপ্টার তল্লাশি নিয়ে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে তল্লাশি নিয়ে সরগরম হয়েছিল বঙ্গ রাজনীতি। সেই বিতর্কের রেশ মিটতে না মিটতেই মঙ্গলবার দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে তল্লাশি চালানো হল।