
লালু প্রসাদ যাদব ও নরেন্দ্র মোদী
শেষ আপডেট: 7 May 2024 16:13
দ্য ওয়াল ব্যুরো: মুসলিমদের সংরক্ষণের সুবিধা দেওয়া নিয়ে রাজনীতির পারা ফের চড়তে শুরু করল। মঙ্গলবার নতুন করে এই ইস্যুতে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এবার আর কংগ্রেস নয়, মোদী নিশানা করেছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবকে।
মঙ্গলবার সকালে পাটনায় লালুপ্রসাদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, মুসলিমদের সংরক্ষণের সুবিধা পাওয়া দরকার তাই শুধু নয়, আরও বেশি করে এই সুবিধা দেওয়া দরকার।
আরজেডি সুপ্রিমোর এই বক্তব্য নিয়ে মধ্যপ্রদেশে ধার জেলায় আদিবাসী বহুল এলাকায় প্রধানমন্ত্রী মুখ খোলেন। নর্মদা নদীর ধারে অবস্থিত ওই এলাকায় জনসংখ্যার অর্ধেকের বেশি আদিবাসী। লালুপ্রসাদের কথার সুত্র ধরে মোদী ধারের জনতার উদ্দেশে বলেন, এই লোকেরা তফসিলি জাতি, উপজাতি এবং ওবিসিদের সংরক্ষণ ছিনিয়ে নিয়ে মুসলিমদের দিতে চান। এমনকী, মুসলিমদের সংরক্ষণের কোটা বৃদ্ধি করতে চান।
ভাষণে লালুপ্রসাদের নাম মুখে আনেননি প্রধানমন্ত্রী। তিনি বলেন, একজন মুসলিম সংরক্ষণের সুবিধা দেওয়ার কথা বলছেন। তিনি পশুখাদ্য কেলেঙ্কারির মামলায় জামিনে মুক্ত।
রাজনৈতিক মহল মনে করছে প্রধানমন্ত্রী যখন সংরক্ষণ নিয়ে সরব তখন একই ইস্যুতে লালুপ্রসাদও বিহারের ভোটের অঙ্ক মেনে পাল্টা একই ইস্যু হাতিয়ার করলেন। আরজেডির ভোট ব্যাঙ্কের প্রধান দুই অংশ হল যাদব ও মুসলিমরা। লালুপ্রসাদ আসলে মুসলিমদের অভয় দিয়েছেন, তারা সংরক্ষণ থেকে বঞ্চিত হবেন না। আরজেডি মোদীর মুসলিমদের সম্পর্কে বক্তব্য প্রচারে তুলে ধরে বিজেপি ও জেডিইউকে নিশানা করে চলেছে।
প্রধানমন্ত্রী সপ্তাহ দুই আগে এই ইস্যুতে কংগ্রেসকে নিশানা করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, কংগ্রেস ক্ষমতা দখল করতে পারলে দেশের সম্পদ মুসলিমদের মধ্যে বিলিয়ে দেবে। পাশাপাশি বিজেপি প্রচার শুরু করে, এসসি, এসটি, ওবিসিদের সংরক্ষণের কোটা কেটে কংগ্রেস মুসলিমদের দেবে। যদিও কংগ্রেস প্রধানমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে বলেছে, প্রধানমন্ত্রী মিথ্যাচার করছেন।
ধারের সভায় প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস চুপ করে গেছে। এখন আাবার ইন্ডি অ্যালায়েন্সের আর এক নেতা এসসি, এসটি, ওবিসিদের সুবিধা ছেঁটে মুসলিদের দিতে চায়। আসলে মুসলিমের তোয়াজ না করলে এদের দম বন্ধ হয়ে আসে।