
মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 2 June 2024 15:20
দ্য ওয়াল ব্যুরো: শনিবার শেষ দফার ভোটের পর যে সব বুথ ফেরত সমীক্ষা প্রকাশিত হয়েছে তার অধিকাংশেরই অনুমান হল বাংলায় তৃণমূলের চেয়ে ভাল ফল করবে বিজেপি। টুডেজ চাণক্য ও এক্সিস মাই ইন্ডিয়ার এও পূর্বানুমান যে বাংলায় তৃণমূলের থেকে বেশি হারে ভোট পেতে পারে বিজেপি। রবিবার দুপুরে সেই পূর্বানুমানকে এক কথায় খারিজ করে দিতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলনেত্রী এদিন সরাসরি অভিযোগ করে বলেন, “এই এক্সিট পোল বিজেপির তৈরি করা। বিজেপি এটা তৈরি করে মিডিয়াকে খাইয়াছে। আমি এই মিডিয়া ক্যালকুলেশন মানি না”। মমতার কথায়, “দু’মাস আগে এই এক্সিট পোল তৈরি হয়েছে। একজন বিজেপি সাংসদের কোম্পানি তৈরি করেছে। তার পর মিডিয়াকে দেওয়া হয়েছে”। মমতা বলেন, এরা নির্লজ্জ মিডিয়া।
এদিন একটি বেসরকারি টিভি চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রতিক্রিয়া জানিয়েছেন। একমাত্র সেই চ্যানেলে বুথ ফেরত সমীক্ষায় দেখানো হয়েছিল বাংলায় বিজেপি ১৭টি আসনে জিততে পারে। তৃণমূল জিততে পারে ২৪টি আসনে।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, “এই মিডিয়া হল মোদীয়া”। তিনি বলেন, আমরা ফিল্ডে কাজ করেছি। লোকের চোখ দেখেছি। তাতে আমার মনে হয়নি লোকে আমাদের ভোট দেবে না। আমি দলের কর্মীদের বলেছি স্ট্রং থাকতে”।
শনিবারের বুথ ফেরত সমীক্ষা প্রকাশের পর তৃণমূলের শীর্ষ নেতৃত্বে যে প্রতিক্রিয়া হয়েছে তা বোধগম্য। তার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার বিকেলে দলের জেলা সভাপতি, ব্লক সভাপতি ও প্রার্থীদের নিয়ে যে বৈঠক ডেকেছেন তা দ্য ওয়ালে সবার আগে লেখা হয়। দেখা গেল, সেই খবরই সত্যি প্রমাণিত হল।
মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এক্সিট পোলের ব্যাপারে বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সাংবাদিক বৈঠক করতে পারেন। পর্যবেক্ষকদের অনেকের মতে, তৃণমূলের শীর্ষ নেতৃত্ব আশঙ্কা করছেন যে বুথ ফেরত সমীক্ষার মতামত দলের কর্মীদের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কিন্তু সময়ের দাবি হল, গণনা পর্যন্ত নার্ভ ধরে রাখা। সেই কারণেই এদিন এক্সিট পোলের সমালোচনা করে মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই এক কৌশলেই বিকেলে বৈঠক ডেকেছেন অভিষেক।