
কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 11 May 2024 20:24
দ্য ওয়াল ব্যুরো: তিনি দুঁদে আইনজীবী। সঙ্গে বর্ষীয়ান তৃণমূল নেতাও। তিনি দীর্ঘদিন ধরেই রাজনীতিতে সক্রিয়। তিনবারের সাংসদ। তার আগে একবার বিধায়কও ছিলেন। এবারও শ্রীরামপুর কেন্দ্র থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল। প্রার্থী হওয়ার পর নির্বাচনী হলফনামা জমা দিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাতে নিজের সম্পত্তির খতিয়ান তুলে ধরেছেন তৃণমূল প্রার্থী। সেই অনুযায়ী, কোটিপতি প্রার্থীর তালিকায় নাম রয়েছে কল্যাণের। জেনে নেওয়া যাক, শ্রীরামপুরের তৃণমূল প্রার্থীর স্থাবর-অস্থাবর সম্পত্তি কত?
বাড়িতে ১.২৫কোটি টাকার বই রয়েছে। মোট ১৩ কোটি ৬০ লক্ষ ৯৯ হাজার ৯৩২ টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে কল্যাণের। ব্যাঙ্ক পোস্ট অফিস মিলিয়ে ৫ কোটি ৯৭ লক্ষ ৭৯ হাজার ৬৮৭ টাকা রয়েছে। জীবন বিমা, এলআইসি-তেও টাকা রয়েছে। মিউচুয়াল ফান্ডে মোটা টাকার বিনিয়োগ করেছেন হেভিওয়েট তৃণমূল নেতা। প্রায় সাড়ে ৩ কোটির বিনিয়োগ রয়েছে তাঁর।
তাঁর দুটি গাড়ি রয়েছে। যার মধ্যে ২২ লক্ষ ৬৭ হাজার ৪২৭ টাকা মূল্যের একটি গাড়ি রয়েছে। এছাড়া অন্য গাড়িটির দাম ৪ লক্ষ ৪১ হাজার টাকা। তাঁর সোনার আংটি রয়েছে ২৫০ গ্রামের। যার বাজারদর প্রায় ১৫ লক্ষ টাকা। নিজের স্থাবর সম্পত্তির খতিয়ান দিতে গিয়ে কল্যাণ জানিয়েছেন, বাঁকুড়ায় পারিবারিক সূত্রে পাওয়া বাড়ির অংশ রয়েছে তাঁর। যার বর্তমান মূল্য ৭ লক্ষ টাকা। এছাড়া কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিট, দিল্লি ও শ্রীরামপুরে ফ্ল্যাট রয়েছে তাঁর। তার মধ্যে শ্রীরামপুরের ফ্ল্যাটটি স্ত্রীর সঙ্গে যৌথভাবে কেনা। সবমিলিয়ে তাঁর স্থাবর সম্পত্তির পরিমাণ ৩ কোটি ৫০ লক্ষ ১০ হাজার টাকা।
হলফনামায় দেওয়া তথ্য বলছে ২০২২-২৩ অর্থবর্ষে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আয় করেছেন ৪ কোটি ৩২ লাখ ৬৩ হাজার ২৬৬.০৯। ২০২১-২২ অর্থবর্ষে কল্যাণের আয় ৪ কোটি ৩২ লাখ ৩৩ হাজার ৫৪৪, ২০২০-২১ অর্থবর্ষে তাঁর আয় ৩ কোটি ৪৪ লাখ ৯৯ হাজার ১২৩, ২০১৯-২০ অর্থবর্ষে কল্যাণের আয় ২ কোটি ১২ লাখ ১৬ হাজার ৩৬৯ টাকা এবং ২০১৮-১৯ অর্থবর্ষে তিনি আয় করেছিলেন ৩ কোটি ৭৯ লাখ ৩৭ হাজার ৮২০ টাকা।
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ছবি বন্দ্যোপাধ্যায় ২০২২-২৩ অর্থবর্ষে আয় করেছেন ৩ লাখ ২৫ হাজার ৬০০, ২০২১-২২ অর্থবর্ষে আয় করেছেন ২ লাখ ৮৮ হাজার ৫৩০, ২০২০-২১ অর্থবর্ষে আয় করেছেন ২ লাখ ৬০ হাজার ২৫০ টাকা। তাঁর কাছে সোনার গয়না রয়েছে ৪০০ গ্রাম। যার বাজার দর প্রায় ২৪ লাখ টাকা। হলফনামা জমা দেওয়ার সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাতে ছিল ৫০ হাজার টাকা।