
প্রতিপক্ষকে গানে গানে কষাঘাত জুন মালিয়ার । ছবিঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (বাঁয়ে) ও মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া।
শেষ আপডেট: 21 May 2024 22:55
প্রীতি সাহা
কদিন আগের কথা। প্রচারে বেরিয়ে হিন্দি গানের প্যারোডি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধোঁকেবাজ বলেছিলেনে মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া।
এবার সেই জুন দ্য ওয়ালে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে নতুন গান ধরলেন—"নায়ক নেহি খলনায়ক হ্যায় তুঁ/ জুলমি বড়া দুখদায়ক হ্যায় তুঁ.. বাস ইয়ার নফরৎ কে লায়েক হ্যায় তুঁ”।
পুরো ইন্টারভিউটি দেখতে উপরের ভিডিও লিঙ্কটি দেখুন।
সর্বভারতীয় রাজনীতিতে ‘ঘৃণা’ শব্দটি এখন খুবই আলোচিত। কংগ্রেস, তৃণমূলের মতো বিরোধীরা প্রায়শই অভিযোগ করেন নরেন্দ্র মোদী তথা বিজেপি ঘৃণার রাজনীতি করছে। রাহুল গান্ধী বলেন, ‘নফরৎ কি বাজার’। সেই নফরতের কথা তাৎপর্যপূর্ণ ভাবেই শোনা গেল জুন মালিয়ার গলায়।
সারাদিনের দীর্ঘ প্রচার ও তীব্র গরমের পরেও জুনকে খড়্গপুরে পাওয়া গিয়েছিল তোফা মুডে। বলছিলেন, আমি খাওয়া ঘুম ভুলে গেছি। কখন রাত হচ্ছে, কখন দিন খেয়াল নেই। আমার স্বামী বেচারাকে দেখা করতে কলকাতা থেকে ছুটে ছুটে আসতে হচ্ছে। তবে আমি প্রতিটা মুহূর্ত উপভোগ করছি।
জুনের সাক্ষাৎকারটিও রাজনৈতিক সচেতন মানুষের কাছে উপভোগ্য হতে পারে বলেই মনে করা হচ্ছে। এখানে খলনায়ক বলতে তিনি কাকে বোঝাচ্ছেন তাঁকে প্রশ্ন করা হলে, জুন অবশ্য বলেন, ‘সেটা আপনারা বুঝে নিন’। তবে হ্যাঁ, ধোঁকেবাজ প্যারোডিতে মোদীর নাম নিয়েই গান গেয়েছেন জুন। শুধু তা নয়, কেন ধোঁকেবাজ বলেছেন তার ব্যাখ্যাও করেছেন।
জুনের কথায়, “প্রধানমন্ত্রীর চেয়ারকে আমি সম্মান করি। তারপরেও বলছি, মোদীজি খড়্গপুরের রেল কলোনিতে জল নেই, বিদ্যুৎ নেই। ভোটের সময়ে প্রতিবার এসে চমকানো হয় ওদের যে সব ভেঙে দেব। রেলের জমি বলে ওখানে রাজ্য সরকারকেও জল রাস্তা বিদ্যুতের ব্যবস্থা করতে দেওয়া হয় না। আপনি বলেছিলেন, ওদের দেখবেন। কিন্তু কোথাও তো কিছু হল না।”
মেদিনীপুরে জুনের বিরুদ্ধে প্রার্থী এবার বিজেপির অগ্নিমিত্রা পল। জুন অবশ্য অগ্নিমিত্রাকে নিয়ে বিশেষ কিছু বলতে চাননি। তবে অবশ্যই বোঝাতে চেয়েছেন, তিনি মেদিনীপুরের ঘরের মেয়ে। তাঁর কথায়, “আমি মহিষাদল রাজবাড়ির মেয়ে। মেদিনীপুর আমায় শিরায় রয়েছে। আমার জন্ম কলকাতায়। কিন্তু আমার বাবা, আমার ঠাকুর্দা সবাই মেদিনীপুরের। এখানকার মায়েরা বউরা আমাকে ছোড়দি ডাকেন। ওঁরা বলেন, কলকাতায় বড়দি রয়েছেন। আপনি আমাদের ছোড়দি।”
জুনকে শুভেন্দু অধিকারীর ব্যাপারেও প্রশ্ন করা হয়। কারণ, শুভেন্দু বারবারই বলেছেন মেদিনীপুর আসন প্রধানমন্ত্রীকে উপহার দেব। জবাবে জুন বলেন, “আমি শুভেন্দু বা অগ্নিমিত্রার বিরুদ্ধে লড়ছি না। আমি মানুষের জন্য লড়াই করছি। উপযুক্ত প্রার্থীকে মানুষই বেছে নেবেন।”