
প্রধানমন্ত্রী মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
শেষ আপডেট: 2 June 2024 11:19
দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে, দিল্লির রাস্তা লখনউ হয়ে যায়। উত্তরপ্রদেশ যার দিল্লি তার। আরও স্পষ্ট করে বললে, উত্তরপ্রদেশে যারা জেতে দেশের চালিকাশক্তি তাদের হাতেই থাকে। ফলে উত্তরপ্রদেশের ভোটফেরত সমীক্ষা নিয়ে কৌতূহল রয়েছে সব মহলেরই।
সাত দফা ভোটের পরে ১ জুন সন্ধেতে টুডেস চাণক্য, এক্সিস মাই ইন্ডিয়া-ইন্ডিয়া টুডে-সহ অধিকাংশ সমীক্ষক সংস্থা জানিয়েছে, দিল্লিতে তৃতীয়বারের জন্য মসনদে বসতে চলেছে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোট। এবারের ভোটে বিজেপির অন্যতম স্লোগান ছিল, ইস বার চারশো পার। চাণক্য-সহ একাধিক সমীক্ষক সংস্থার মতামতও সেই ইঙ্গিত দিচ্ছে।
মনে রাখতে হবে, ২০১৪ সালে মোদীর নেতৃত্বে এনডিএ যখন ক্ষমতায় ফিরেছিল তখনও প্রধান ভূমিকায় ছিল উত্তরপ্রদেশ। এবারেও তার অন্যথা হবে না বলেই দাবি একাধিক সমীক্ষক সংস্থার।
#TCPoll
— Today's Chanakya (@TodaysChanakya) June 1, 2024
Uttar Pradesh LS 2024
Seat Projection
BJP+ 68 ± 7 Seats
Congress+ 12 ± 6 Seats
Others NIL#News24TodaysChanakyaAnalysis@news24tvchannel
৮০ টি লোকসভা আসন বিশিষ্ট উত্তরপ্রদেশে বিজেপি এবারে কমবেশি ৬৮টি আসন পেতে পারে বলে দাবি টুডেস চাণক্যর। তাঁদের মতে, বিজেপি সাতটি বেশি বা কম আসন পেতে পারে। সেক্ষেত্রে ৮০-র মধ্যে ৭৫ বা খুব খারাপ ফল হলেও ৬১-র নীচে নামবে না। অন্যদিকে কংগ্রেস-সহ অন্যানরা কমবেশি ১২টি আসন পেতে পারে। ৬টি আসন বাড়তে পারে বা কমতে পারে। সেক্ষেত্রে কংগ্রেস-সহ অন্যান্যরা উত্তরপ্রদেশ থেকে সর্বোচ্চ ১৮টি আসন জিততে পারে।
অ্যাক্সিস মাই ইন্ডিয়া-ইন্ডিয়া টুডের এক্সিট পোলেও উত্তরপ্রদেশে গেরুয়া ঝড়ের ইঙ্গিত দেওয়া হয়েছে। বিজেপি ৬৪ থেকে ৬৭টি আসন পেতে পেতে পারে। তাদের জোটের শরিকরা পেতে পারে ৩-৫টি আসন। অন্যদিকে ইন্ডিয়া ব্লক ৮ থেকে ১২টি আসন পেতে পারে বলে জানানো হয়েছে। এসপি এবং টিএমসি পেতে পারে ৭ থেকে ৯টি আসন।
অ্যাক্সিস মাই ইন্ডিয়া-ইন্ডিয়া টুডের দাবি, উত্তরপ্রদেশে এনডিএ পেতে পারে ৪৯ শতাংশ ভোট এবং ইন্ডিয়া ব্লক সাকুল্যে ৩৯ শতাংশ ভোট পাবে। অর্থাৎ এবারেও দিল্লিতে মোদী সরকার গঠনে বড় ভূমিকা নিতে চলেছে যোগীর উত্তরপ্রদেশ, এমনটাই দাবি একাধিক সমীক্ষক সংস্থার।
প্রসঙ্গত, সম্প্রতি প্রখ্যাত ভোট বিশারদ যোগেন্দ্র যাদব দাবি করেছিলেন, উত্তরপ্রদেশে বিজেপির আসন সংখ্যা ৬০ এর নীচে নেমে যেতে পারে। এমনকী আসন সংখ্যা কমে ৫০ হলেও তিনি অবাক হবেন না বলে জানিয়েছিলেন।
তবে একথাও ঠিক, সব বুথ ফেরত সমীক্ষা সঠিক অনুমান করতে পারে তা নয়। বুথ ফেরত সমীক্ষা থেকে জনমতের একটা আভাস অবশ্যই পাওয়া যায়। তা থেকে ভোট শতাংশের ট্রেন্ড মোটামুটি ভাবে আন্দাজ করা সম্ভব। তবে ভোট শতাংশ থেকে আসন সংখ্যা বের করার প্রক্রিয়া জটিল। সেখানেই অনেক সময়ে ত্রুটি থেকে যায়। ফলে ফলাফল সম্পর্কে নিশ্চিত হতে ৪ জুন গণনা পর্যন্ত অপেক্ষা করতেই হবে।