
শেষ আপডেট: 26 March 2024 09:43
দ্য ওয়াল ব্যুরো: বাংলায় কেন্দ্রীয় বাহিনীর গতিবিধি নিয়ে রিপোর্ট দিতে হবে স্বরাষ্ট্রমন্ত্রককে। নতুন নির্দেশিকায় এমনই বলা হয়েছে। সূত্রের খবর, বাহিনীর গতিবিধি নিয়ে রোজ সকালে রিপোর্ট দেবেন আইজি সিআরপিএফ পশ্চিমবঙ্গ সেক্টর। কেন্দ্রীয় বাহিনী কোথায় মোতায়েন রয়েছে, কী করছে, কোন দিকে যাচ্ছে, কখন যাচ্ছে, সবকিছুই খুঁটিনাটি রিপোর্ট দিতে হবে রোজ।
জানা গেছে, ২৯ মার্চ থেকে এই নিয়ম চালু হবে। প্রতিদিন সকাল ১০টার ইমেল মারফৎ রিপোর্ট পাঠাতে হবে। পাশাপাশি রিপোর্টের হার্ড কপিও দিতে হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং পুলিশের ডিজির সঙ্গে আলোচনা করে কোথায়, কত বাহিনী মোতায়েন করা হবে তার সিদ্ধান্ত নিতে হবে কেন্দ্রীয় বাহিনীর প্রতিনিধিকে।
মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীকে যাতে সঠিকভাবে ব্যবহার করা হয়, সে জন্যই এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনেক সময়েই অভিযোগ আসে, সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা হলেও ঠিকমতো ব্যবহার করা হয়নি। বাহিনীকে বসিয়ে রাখা বা অন্য জায়গায় পাঠিয়ে দেওয়ার অভিযোগও এসেছে এর আগে বহুবার। তাই এবার থেকে বাহিনী কোথায় আছে, কী করছে, প্রতিদিনের রিপোর্ট জমা করতে হবে।
বাংলায় প্রথম দফার তিনটি আসনের নির্বাচনের জন্য ২২৫ কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হতে পারে। সূত্রের খবর, এমনই পরিকল্পনা করেছে জাতীয় নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে থাকবেন তিনজন বিশেষ পর্যবেক্ষকও। ভোট ঘোষণার আগেই এবারে নজিরবিহীনভাবে বাংলায় এসেছে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বিভিন্ন জেলায় রুট মার্চও শুরু হয়ে গেছে। কমিশন সূত্রের খবর, ১ এপ্রিল রাজ্যে আসছে আরও ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।