
শেষ আপডেট: 30 March 2024 22:51
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটে টিকিট না পেয়ে বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন আরামবাগের বিদায়ী তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার? এমনটাই দাবি করেছিলেন শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবীরশঙ্কর বসু। আর এই মন্তব্যকে ঘিরে জল্পনাও শুরু হয়েছিল। সেই দাবি উড়িয়ে অপরূপা বললেন, “দম থাকলে বলুক দেখি কার সঙ্গে যোগাযোগ করছি?”
আসন্ন লোকসভা নির্বাচনে একাধিক নতুন মুখকে প্রার্থী করেছে তৃণমূল। বেশ কয়েকজনের আসন বদলও হয়েছে। এসবের মাঝে প্রার্থী না হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন অপরূপা। তাঁর অভিযোগ ছিল, ভোটে লড়ার টাকা নেই। হয়ত সেই কারণেই তাঁকে টিকিট দেওয়া হয়নি। এখানেই শেষ নয়। অভিমানী অপরূপা আরও বলেছিলেন, “হয়তো আমি যোগ্য ছিলাম না, তাই টিকিট পাইনি।”
এইসবের মধ্যেই শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবীরশঙ্কর বসুর বিস্ফোরক মন্তব্য ঘিরে চর্চা শুরু হয়ে গিয়েছিল। আজ প্রচারে বেরিয়ে কবীরশঙ্কর দাবি করেন, “অপরূপা পোদ্দার বিজেপির সঙ্গে যোগাযোগ করেছেন। শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছেন।” এই দাবিকে কার্যত উড়িয়ে দেন অপরূপা। পাল্টা তিনি বলেন, “শ্রীরামপুরের যিনি প্রার্থী তাঁকে বলতে চাই, ওঁর যদি দম থাকে তাহলে উনি বলুক আমি কোন বিজেপি নেতার সঙ্গে যোগাযোগ করেছি। কেন মিথ্যা অভিযোগ করছেন? আমি মমতাদির ছোট বোন হিসাবে দলে এসেছিলাম এবং থাকব। কবীরবাবুর এই অভিযোগ মিথ্যা তা আমি প্রমাণ করেই ছাড়ব। কল্যাণদা অনেক ভোটে শ্রীরামপুর থেকে জিতবেন।”
নির্বাচনের দিন যত এগিয়ে আসছে রাজনৈতিক পারদ ততই চড়ছে। আরামবাগের বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দার। গত দু’বারে আরামবাগ থেকে জয়ী অপরূপাকে এবারে প্রার্থী করেনি তৃণমূল। এটা নিয়ে চাপা অসন্তোষ ছিলই তাঁর। ব্রিগেডে ৪২ জন প্রার্থীকে নিয়ে র্যাম্পে হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে হাঁটার সুযোগও পাননি অপরূপা। ব্রিগেড সভার পরেই নিজের ফেসবুকে অপরূপা আরামবাগবাসীর জন্য খোলা চিঠি লিখেছিলেন। সেখানে তিনি লেখেন, “আমি সব সময় আপনাদের পাশে ছিলাম আছি থাকব। আমি সাংসদ থাকাকালীন যদি আমার কোনও দুর্নীতি প্রমাণ হয়, তাহলে আমাকে জুতোপেটা করবেন।”