
শেষ আপডেট: 10 April 2024 18:49
দ্য ওয়াল ব্যুরো: বারাসতে বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থীর বিরুদ্ধে বিজেপি-যোগের অভিযোগ উঠেছিল। অবশেষে দলীয় স্তরে তদন্ত করে অভিযোগের প্রমাণ পাওয়ায় প্রবীর ঘোষের নাম প্রার্থীপদ থেকে প্রত্যাহার করে নিল বামফ্রন্ট। প্রবীরের পরিবর্তে বারাসতে প্রার্থী করা হল ফরওয়ার্ড ব্লকের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক তথা রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সঞ্জীব চট্টোপাধ্যায়কে।
একই সঙ্গে বরাহনগর বিধানসভার উপ নির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হল। এই আসনে লড়বেন সিপিএমের বর্ষীয়ান নেতা তন্ময় ভট্টাচার্য। অন্যদিকে জয়নগর কেন্দ্র থেকে লোকসভা ভোটে লড়বেন আরএসপির সমরেন্দ্রনাথ মণ্ডল।
মার্চের শুরুতে বারাসতের প্রার্থী হিসেবে ফরওয়ার্ড ব্লকের শিক্ষক নেতা প্রবীর ঘোষের নাম ঘোষণা করেছিলেন বিমান বসু। এলাকায় তাঁর নামে দেওয়াল লিখনও হয়ে গিয়েছে। শুরু হয়েছিল প্রচারও। এরই মাঝে প্রবীরের কিছু ছবি সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়। তাতে তাঁর বিরুদ্ধে বিজেপির শিক্ষক সংগঠনের সঙ্গে সরাসরি যুক্ত থাকার অভিযোগ ওঠে।
সূত্রের খবর, বিষয়টি নিয়ে বামেদের অন্দরে তীব্র শোরগোল তৈরি হয়। এরপরই দলীয় স্তরে তদন্ত শুরু করে ফরওয়ার্ড ব্লকের নেতৃত্বরা দেখেন, অভিযোগের সারবত্তা রয়েছে। সূত্রের খবর, বুধবার দুপুরে এ ব্যাপারে বামফ্রন্টের বৈঠকের পরই সাংবাদিক বৈঠক থেকে প্রার্থী বদলের ঘোষণা করেন নেতৃত্ব।