
সপ্তম দফার ভোট শুরু বাংলায়
শেষ আপডেট: 1 June 2024 07:02
দ্য ওয়াল ব্যুরো: সপ্তম বা শেষ দফার ভোটপর্ব শুরু। শনিবার বাংলার ৯টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। শেষ দফায় রাজ্যের ৯টি লোকসভা কেন্দ্রের জন্য শুধু বুথের পাহারায় থাকছে ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মোট বাহিনীর সংখ্যা ১০২০ কোম্পানি। অর্থাৎ নজিরবিহীন নিরাপত্তার ঘেরাটোপে শুরু হয়েছে শেষ দফার ভোট।
শনিবার বাংলার উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, দমদম, বারাসত, বসিরহাট, যাদবপুর, ডায়মন্ড হায়বার, মথুরাপুর ও জয়নগরে আসনে ভোট হচ্ছে। এই ৯টি আসনের মধ্যে তিনটি আসনে বিশেষ নজর রেখেছে নির্বাচন কমিশন। সেগুলি হল, কলকাতা, বসিরহাট ও ডায়মন্ড হারবার কেন্দ্র। বাড়তি নজর রয়েছে ভাঙড়েও। সেখানের জন্য আলাদা করে মোতায়েন করা হয়েছে ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালি বিধানসভার প্রতিও বাড়তি নজরদারি রেখেছে প্রশাসন। বসিরহাটে কেন্দ্রীয় বাহিনী রয়েছে ১১৬ কোম্পানি। এছাড়াও ৩ হাজার ১২০ জন রাজ্য পুলিশ কর্মী রয়েছেন।
বুথের বাইরের ঝামেলা মেটাতেও নজিরবিহীনভাবে এবার মোট ক্যুইক রেসপন্স টিমের সংখ্যা ১৯৫৮ টি। এরমধ্যে কলকাতা পুলিশ কমিশনারেট এলাকায় ৬০০টি, বিধাননগর কমিশনারেট এলাকায় ৩২টি, বারাসাত পুলিশ জেলায় ৬৬টি, ব্যারাকপুর পুলিশ জেলায় ৬০টি, বারুইপুর পুলিশ জেলায় ১৪২টি, বসিরহাট পুলিশ জেলায় ১০৩টি, ডায়মন্ড হারবার পুলিশ জেলায় ৯৭টি এবং সুন্দরবন পুলিশ জেলায় ১০৩ টি কিউআরটি রাখা থাকছে।