
তাপস রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 4 June 2024 22:28
দ্য ওয়াল ব্যুরো: শহরের অন্যতম চর্চিত কেন্দ্র উত্তর কলকাতা লোকসভা আসনে (Kolkata Uttar Lok Sabha Result 2024) মর্যাদার লড়াই ছিল। ভোট শুরুর আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তাপস রায় কড়া টক্কর দেবেন তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়কে, এমন আশা করেছিলেন অনেকে। তবে এই আসনে ফল কী হতে চলেছে তা হয়তো ভোটের দিনই স্পষ্ট হয়ে গেছিল। দিনভর বিক্ষোভের মুখে পড়েছিলেন তাপস, শুনতে হয়েছিল গো-ব্যাক স্লোগান। উল্টোদিকে প্রায় নিশ্চিন্ত ছিলেন সুদীপ। ভোটের ফলও তাঁকে নিশ্চিন্ত করল। উত্তর কলকাতায় চওড়া হাসি হাসলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।
ভোটের আগে তাপস রায়ের বাড়িতে ইডি অভিযান চালিয়েছিল। তাপস বিজেপিতে যোগ দেওয়ার পর সেই ঘটনার জন্য সরাসরি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দোষারোপ করেছিলেন তাপস। ভোট প্রচারে উত্তর কলকাতায় দাঁড়িয়ে খোদ মমতা বন্দ্য়োপাধ্যায় 'ভয় পেয়েছে পালিয়েছিলেন' বলে তাপসকে কটাক্ষ করেছিলেন। সেই প্রেক্ষিতে তাপসের সঙ্গে সুদীপের লড়াই অন্যতম চর্চার বিষয় ছিল এই ভোটে।
বিজেপি এই আসনে কতটা গুরুত্ব দিচ্ছে তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শোয়ের আয়োজনে পরিষ্কার হয়ে গেছিল। তৃণমূলের একাংশ উত্তর কলকাতায় তলে তলে তাপস রায়কে সমর্থন করছেন বলেও গুঞ্জন ছিল। তাছাড়া উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারে না যাওয়ায় দলের মধ্যেও তা নিয়ে আলোচনা চলেছে। তবে ভোটের ফল সব হিসেব বদলে দিয়েছে।
বিজেপি চেয়েছিল এই ভোটের মধ্যে দিয়ে তাপস রায়ের হাত ধরে কলকাতায় 'এন্ট্রি' নেবে। কিন্তু সেই আশা ভঙ্গ হল।
রাত ১০টা ০৫: ৯২ হাজার ৫৬০ ভোটে জয়ী হলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। ৪ লক্ষ ৫৪ হাজার ৬৯৬ ভোট পেয়েছেন তিনি। অন্যদিকে, তাপস রায়ের প্রাপ্ত ভোট ৩ লক্ষ ৬২ হাজার ১৩৬।
রাত ৮টা ৩৮: প্রায় ৮০ হাজার ভোটে এগিয়ে আছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। উত্তর কলকাতায় তৃণমূলের জয় পাওয়া শুধু সময়ের অপেক্ষা। ৪,৩৩,১৪৩ ভোট পেয়েছেন সুদীপ।
সন্ধে ৭টা ০৫: ৬২,৫১৩ ভোটে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী। কলকাতা উত্তরে জয় প্রায় নিশ্চিত তৃণমূলের। তাপস রায়ের প্রাপ্ত ভোট ৩,০৮২৪২।
বিকেল ৫টা ৪৩: ৫১ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।
বিকেল ৪টে ৪৪: বিজেপির তাপস রায়কে অনেকটা পিছনে ফেলে দিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আপাতত তিনি ৪৮ হাজারের বেশি ভোটে এগিয়ে। ভোটের দিন তাঁকে অনেক বেশি নিশ্চিন্ত দেখাচ্ছিল। এখনও পর্যন্ত ভোটের ফল যেদিকে যাচ্ছে তাতে অবশ্যভাবে তিনি স্বস্তি পাচ্ছেন।
দুপুর ৩টে ৫৪: ব্যবধান কিছু কমলেও বিরোধী প্রার্থী তাপস রায়ের থেকে অনেকটাই এগিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে ২১,৩৩৩ ভোটে এগিয়ে রয়েছেন তিনি। আপাতত তাঁর প্রাপ্ত ভোট ১,৯৪,২৭৫।
দুপুর ১২টা ৫৯: ২৫ হাজারের বেশি ভোটে এগিয়ে গেলেন তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে তাঁর প্রাপ্ত ভোট ৯৮,৭৩০। বিজেপি প্রার্থী তাপস রায় পেয়েছেন ৭৩,৫৩২টি ভোট।
সকাল ১১টা ৪০: ২০,৩১২ ভোটে এগিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়।
সকাল ১১টা ০৫: ৮০০-র বেশি ভোটে এগিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে ৯ হাজারের বেশি ভোট পেয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা তাপস রায় পেয়েছেন সাড়ে ৮ হাজার ভোট।
সকাল ১০টা ০৯: সামান্য ব্যবধান হলেও বিজেপির তাপস রায়ের থেকে এগিয়ে আছেন তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়। ৯৮ ভোটে এগিয়ে আছেন তিনি। ৩০০০-র বেশি ভোট পেয়েছেন আপাতত।