
প্রতীকী চিত্র
শেষ আপডেট: 3 June 2024 16:47
দ্য ওয়াল ব্যুরো: প্রায় বছরখানেকেরও বেশি সময় ধরে দড়ি টানাটানির পরিসমাপ্তি আগামিকাল, মঙ্গলবার। বিজ্ঞানভিত্তিক এক্সিট পোলের সম্ভাব্য ফল তো বেরিয়ে গিয়েছে। কিন্তু, ভারতের তামাম জনতা যে জ্যোতিষ শাস্ত্রকে মনেপ্রাণে আঁকড়ে ধরে রাখেন, সেই ভাগ্যগণনার ফল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নাকি কংগ্রেসের সম্ভাব্য প্রধানমন্ত্রী পদপ্রার্থী রাহুল গান্ধীর জেতার ভবিষ্যদ্বাণী করছে! কার ললাটে লেখা রয়েছে গ্রহ-নক্ষত্র নির্ধারিত কটি আসন? সঙ্কটমোচনের পুজোর দিন ভারতবিজয়ে কার মুখ পুড়বে, কার ঠোঁটে ফুটে উঠবে চওড়া হাসি!
২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৪২টি (গুজরাতের সুরাত বাদে) লোকসভা আসনের ভোটগণনা শুরু হবে সকাল ৮টা থেকে। ফুটপাতবাসী থেকে অট্টালিকার বাসিন্দা, সকলের চোখ থাকবে ভোটফলের দিকে। কিন্তু, সবই কি লড়াই, নীতি-আদর্শ, জনসমর্থনের ফল, জ্যোতিষীদের বিচারে এর সঙ্গে নির্ভর করে গ্রহের প্রভাব।
কলকাতার প্রখ্যাত জ্যোতিষী ডঃ সুরেন্দ্র কাপুর জানালেন, মোদীজি ফিরে এলেও যে ৪০০ পারের গল্প শোনাচ্ছে বিজেপি, তা হচ্ছে না। মোদীর জোট ৩৫০-র আশপাশে আটকে থাকবে। এক্সিট পোলগুলির সমীক্ষাকে ভুল প্রমাণিত হয়ে যাবে। রাহুল গান্ধী এবং ইন্ডিয়া জোট এবার বেশ ভালো ফল করবে বলে ভারতের কোষ্ঠী বিচার, শপথগ্রহণের কোষ্ঠী বিচার করা সুরেন্দ্র কাপুরের অন্তত তাই বিশ্বাস। তিনি এও বলেন, ফল এমন হবে যে, আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে শেষপর্যন্ত আসরে নামতে হতে পারে। অর্থাৎ সরাসরি না বললেও ত্রিশঙ্কু লোকসভার ইঙ্গিত দেন জ্যোতিষী ডঃ সুরেন্দ্র কাপুর।
পণ্ডিত জগন্নাথ গুরুজি টাইমস নাউ ডিজিটালকে বলেন, বিজেপির কুণ্ডলীতে বৃহস্পতি এখন তুঙ্গে। এবং তা চন্দ্রের দিকে ঝুঁকে রয়েছে। এর অর্থ হচ্ছে, তারাই ক্ষমতায় ফিরছে। নরেন্দ্র মোদীর রাশিফলও বলছে, তিনিই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন। কারণ তাঁর রাশিফল অনুযায়ী সব গ্রহ-নক্ষত্রেরই অবস্থান ঠিকঠাক সৌভাগ্যেরই ইঙ্গিত দিচ্ছে।
তাঁর মতে, বিজেপির কুণ্ডলীতে সূর্যের অবস্থানও খুব ভালো। যার ফলে তারা সহজেই ম্যাজিক ফিগারে পৌঁছে যাবে। তাঁরও মতে, বিরোধী দলগুলি একজোট হওয়ায় বিজেপি-এনডিএ জোট মেরেকেটে ৩৫০-৩৬০টি আসন পাবে। একইভাবে সূর্য, চন্দ্র ও বৃহস্পতির অবস্থানগত দিক থেকে কংগ্রেস এবং আম আদমি পার্টিও লোকসভায় ভালো ফল করবে। আগের বছর যত আসন পেয়েছিল, এবার তার থেকে বেশি আসনে জিতবে বলে তাঁর গণনা বলছে।
পণ্ডিত অরবিন্দ তিওয়ারি বলেন, মোদীর রাশি হল বৃশ্চিক। আর বুধ হল প্রধান নক্ষত্র। ২০১৯ সালের মে মাস থেকে বুধের মহাদশা চলছে। যা ১৭ বছর ধরে চলে। যার অর্থ জ্যোতিষ শাস্ত্রের ভাষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১২ বছর ধরে ভারতের শীর্ষ ক্ষমতায় থাকতে পারেন।
এছাড়া বিজেপি হল বৃশ্চিক রাশির মিথুন জাতক। সবকটি দফার ভোটেই বৃশ্চিক সহায়ক ছিল। সেই কারণে বিজেপিরই ক্ষমতায় ফেরা গ্রহ-নক্ষত্রের অবস্থান ইঙ্গিত দিচ্ছে।