
জেপি নাড্ডা
শেষ আপডেট: 8 May 2024 17:12
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের মাঝেই বড় অস্বস্তিতে পড়ল বিজেপি শিবির। কারণ পুলিশ তলব করেছে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে। তিনি একা নয়, তাঁর সঙ্গে ডেকে পাঠানো হয়েছে বিজেপি আইটি সেল প্রধান অমিত মালব্যকেও।
রাজ্য বিজেপির তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় (এক্স) একটি পোস্ট করা হয়েছিল যার জেরে বিতর্ক ছড়ায়। ওই ভিডিওতে দাবি করা হয়েছিল, এসসি, এসটিদের পক্ষে না দাঁড়িয়ে সংরক্ষণের জন্য কংগ্রেস মুসলিম সম্প্রদায়ের পক্ষে রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে দলের একাধিক নেতা সাম্প্রতিক সময়ে এমনই দাবি করছেন। সেই পোস্টের প্রেক্ষিতেই কর্ণাটক পুলিশ নাড্ডা এবং অমিত মালব্যকে তলব করেছে। কারণ পোস্টে তাঁদের দুজনের নাম ছিল।
বেঙ্গালুরুর হাই গ্রাউন্ডস পুলিশ স্টেশনে এই ইস্যুতে এফআইআর দায়ের হয়। তারপরই বিজেপির এই দুই নেতাকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য পুলিশ। আগামী এক সপ্তাহের মধ্যে তলবে সাড়া দিতে হবে জেপি নাড্ডা এবং অমিত মালব্যকে। এর আগে অবশ্য নির্বাচন কমিশনের তরফে বিজেপিকে নির্দেশ দেওয়া হয়েছিল ওই পোস্ট মুছে দেওয়ার জন্য। কিন্তু বিজেপি সেই নির্দেশ মানেনি।
সোশ্যাল মিডিয়া থেকে পোস্ট না মোছায় কমিশন সরাসরি এক্স হ্যান্ডেল কর্তৃপক্ষকেই নোটিস পাঠায় ওই পোস্ট মুছে দেওয়ার জন্য। বিতর্ক বাড়তে থাকায় রাজ্য পুলিশ দলের শীর্ষ দুই নেতাকেই ডেকে পাঠাল। কর্ণাটক প্রদেশ কংগ্রেস এই নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করেছিল। বলা হয়েছিল, বিজেপির তরফে যে পোস্ট দেওয়া হয়েছে তা নির্বাচনী বিধি লঙ্ঘন করে।
Karnataka Police summons BJP National President JP Nadda and party's Amit Malviya before Bengaluru's High Grounds PS within 7 days in connection with a tweet posted by BJP Karnataka allegedly against SC/ST community pic.twitter.com/SfKe2gR2gh
— ANI (@ANI) May 8, 2024