.webp)
ফাইল ছবি
শেষ আপডেট: 15 April 2024 11:56
দ্য ওয়াল ব্যুরো: বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন কর্নাটকের কংগ্রেসের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, কর্নাটকে দল ভাঙানোর খেলায় ফের 'অপারেশন কমল' শুরু করেছে বিজেপি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়ার জন্য এক-একজন বিধায়ককে ৫০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে। লোকসভা ভোটের আগেই রাজ্যে 'অপারেশন কমল' অভিযানে নেমেছে গেরুয়া শিবির।
'ইন্ডিয়া টুডে'কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তাঁর কাছে বিজেপির সম্পর্কে জানতে চাওয়া হয়। কিছুদিন ধরে বিজেপি বলে বেড়াচ্ছে, লোকসভা ভোটে কর্নাটকে কংগ্রেসের ভরাডুবি হলে বিধানসভাও হাতছাড়া হবে দেশের প্রাচীনতম দলের। তার জবাবেই মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি লোকসভা ভোটের আগেই দল ভাঙানোর খেলায় নেমেছে। বিধায়কদের ৫০ কোটি টাকা করে দর দিয়েছে তারা।
তিনি আরও বলেন, কর্নাটকে বিজেপি মুখ থুবড়ে পড়ার পর থেকে ওরা কংগ্রেস ভাঙানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের বিধায়কদের টাকার প্রস্তাব দিয়ে গেলেও এই কাজে এখনও পর্যন্ত তারা ব্যর্থ হয়েছে। তবে রাজ্যে লোকসভা ভোটে দল ধসে পড়লে সরকার পতনের সম্ভাবনা খারিজ করে দেন সিদ্দারামাইয়া। তাঁর কথায়, সেটা সম্ভব নয়। আমাদের একজন বিধায়কও দলত্যাগ করবেন না। তিনি জোর দিয়ে বলেন, আমার সরকার পূর্ণ মেয়াদ ক্ষমতায় থাকবে রাজ্যে।
সাক্ষাৎকারে বিজেপির পক্ষে সাংসদ এস প্রকাশ মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার অপারেশন কমলের অভিযোগকে নস্যাৎ করে বলেন, উনি যা বলছেন তা দুর্ভাগ্যজনক। তাঁর বক্তব্য, এটা খুবই দুঃখের যে, উনি বারবার এ ধরনের অভিযোগ তুলে যাচ্ছেন। যাঁরা তাঁকে বিপুল পরিমাণে ভোট দিয়ে গদিতে বসিয়েছেন, তাঁদের কাছে সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী।
বিজেপি নেতা প্রকাশের অভিযোগ, মূল ইস্যু এবং সিদ্দারামাইয়া নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সাফল্য তুলে ধরার জায়গায় মুখ্যমন্ত্রী মিথ্যা অভিযোগ খাড়া করে চলেছেন। তাঁর কথায়, কর্নাটকের ২৮টি লোকসভা কেন্দ্রে জয়ের কথা ভাবার থেকে সিদ্দারামাইয়া প্রথমেই ভোটের পর তাঁর সরকার থাকবে কি থাকবে না, সেই চিন্তায় ডুবে রয়েছেন।