
কাকলি ঘোষ দস্তিদার
শেষ আপডেট: 17 April 2024 16:33
দ্য ওয়াল ব্যুরো: দলীয় কার্যালয়ে যাওয়ার সময় পথ দুর্ঘটনার কবলে কাকলি ঘোষ দস্তিদার। তাঁর গাড়ির সঙ্গে অন্য একটি প্রাইভেট গাড়ির ধাক্কা লাগে বলে সূত্রের খবর। কাকলির আঘাত কতটা গুরুতর, সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা না গেলেও তাঁর মাথায় চোট লেগেছে বলে সূত্র মারফৎ জানা গেছে।
মধ্যমগ্রাম দিঘবেরিয়া বাড়ি থেকে বেরিয়ে মধ্যমগ্রাম জেলা পার্টি অফিসে আসার সময় এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পরের যে ভিডিও প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে কাকলির মাথায় আইস ব্যাগ দিয়ে শুশ্রুষা করছেন এক মহিলা। বারাসত জেলা হাসপাতালেও তাঁকে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। যদিও তাঁর অবস্থা স্থিতিশীল।
লোকসভার প্রথম দফার ভোট প্রচারের বুধবারই শেষ দিন। তার আগে বারাসতের তৃণমূল প্রার্থী এই দুর্ঘটনার সম্মুখিন হলেন। তাঁর গাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ সূত্রে খবর, গাড়ির পিছনের দিকের দরজার বেশ কিছুটা অংশ দুমড়ে গেছে। কিন্তু অন্য একটি গাড়ি কী ভাবে এসে কাকলির গাড়িকে ধাক্কা মারল তা বুঝে উঠতে পারছে না পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। যে গাড়িটি ধাক্কা মেরেছে তার চালকের সঙ্গে কথা বলবে পুলিশ।
২০০৯ থেকে ২০১৯ সাল... টানা বারাসত লোকসভা আসন থেকে সাংসদ হয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। এবারও তাঁর উপরেই ভরসা রেখেছে তৃণমূল নেতৃত্ব। তবে ভোটের ঠিক আগে এই ধরনের ঘটনা নিয়ে সন্দেহ বাড়ছে শাসক শিবিরে। এখনও পর্যন্ত ষড়যন্ত্রের কোনও তত্ত্ব খাঁড়া না করা হলেও দুর্ঘটনার কারণ নিয়ে যথেষ্ট ধোঁয়াশা তৈরি হয়েছে। এখন এটাই দেখার পুলিশ এই ব্যাপারে কী রিপোর্ট দেয়।