
নরেন্দ্র মোদী ও জুন মালিয়া-গ্রাফিক্স বৃষ্টিকণা সিরাজ
শেষ আপডেট: 30 April 2024 14:14
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: প্রচারে বেড়িয়ে প্রধানমন্ত্রীকে নিশানা করে গান গাইলেন জুন মালিয়া। 'তুম তো ধোঁকেবাজ হো, ওয়াদা করকে ভুল যাতে হো।' তৃণমূল প্রার্থীর গানে আলোড়ন পড়ল জেলায়।
সোমবার রাতে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের খড়গপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের আইমা এলাকায় পথসভা করেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া। এই পথসভাতেই বক্তব্য রাখার সময় বিজেপি ও মোদী সরকারের তুমুল সমালোচনা করেন তিনি। গেয়ে ওঠেন 'তুম তো ধোঁকেবাজ হো, ওয়াদা করকে ভুল যাতে হো।'
প্রচারে বেড়িয়ে মোদীকে নিশানা জুন মালিয়ার#LokSabhaElection2024 #JuneMalia #TMC #TheWallBangla pic.twitter.com/KZH1xQtOaA
— The Wall (@TheWallTweets) April 30, 2024
প্রধানমন্ত্রীকে নিশানা করে জুনের গানের ছবি বাইরে আসতেই শোরগোল পড়ে। এর আগে নির্বাচনী প্রচারের ট্যাবলোয় সরকারি প্রকল্পের নাম ব্যবহার এবং শিশুদের মডেল করায় বিতর্কের মধ্যে পড়েন জুন মালিয়া। বিরোধীদের কড়া সমালোচনার মুখোমুখি হতে হয়।
মেদিনীপুরে প্রচারে এসে দলীয় কর্মীদের ক্ষোভের মুখেও পড়তে হল তাঁকে। শহরের ১৪ নম্বর ওয়ার্ড থেকে প্রচার শুরুর সময় জুন মালিয়াকে দলীয় কর্মীদের একাংশের বিক্ষোভের মুখে পড়তে হয়। হুড খোলা গাড়িতে চড়ে রোড শো করার সময় তাঁর পাশে থাকা তৃণমূলে যোগ দেওয়া কাউন্সিলার অর্পিতা রায় নায়েকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কয়েকজন তৃণমূল কর্মী। সম্প্রতি অর্পিতাকে দলে যোগদান করিয়েছিলেন জুন। যাঁরা মেনে নিতে পারেননি, তাঁরাই ওইদিন বিক্ষোভ দেখান। বিক্ষোভের মুখে পড়ে গাড়ি থেকে নেমে যেতে বাধ্য হন অর্পিতা নায়েক।