
শেষ আপডেট: 15 March 2024 19:46
দ্য ওয়াল ব্যুরো, ঝাড়গ্রাম: নাম ঘোষণার একসপ্তাহের মাথায় অবশেষে ছাত্র সংগঠনের নেত্রী রাজন্যা হালদারের নেতৃত্বে ঝাড়গ্রামের তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার শুরু হল। নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ না হলেও বিরোধী দল বিজেপি প্রচার শুরু করে দিয়েছিল অনেক আগে থেকেই। শুক্রবার প্রচার শুরু করল তৃণমূল কংগ্রেস।
জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার অন্তর্গত গোপীবল্লভপুরে এদিন দেখা গেল শাসকদলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রচার করতে। ঝাড়গ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থীর হয়ে দেওয়াল লিখনেও অংশগ্রহণ করে ছাত্র সংগঠন। নেতৃত্বে ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সম্পাদিকা রাজন্যা।
বুধবারই ঝাড়গ্রামের তৃণমূল প্রার্থী কালীপদ সরেন জানিয়েছিলেন তিনি নিজে প্রচারে বেরোনোর অপেক্ষা করছেন। কিন্তু দলের তরফে তেমন কোনও উদ্যোগ এখনও নেওয়া হয়নি। বলেছিলেন, "আমি দলে নতুন মানুষ। যারা দীর্ঘদিন ধরে দলটা করছেন প্রচারের বিষয় তো তাঁরাই দেখবেন। হয়তো সবাই মিলে বসে এখনও ঠিক করা হয়নি।"
প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর জেলা সভাপতি দুলাল হাঁসদার সঙ্গে ফোনেও যোগাযোগ করতে পারেননি। বিজেপির জোরদার প্রচার শুরু হলেও তৃণমূল ছিল পিছিয়ে। তাই কিছুটা হতাশার সুর ধরা পড়েছিল প্রার্থীর গলায়। অবশেষে প্রচার শুরু হওয়ায় কিছুটা স্বস্তি।