
শেষ আপডেট: 19 March 2024 13:55
দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: মন্দিরে মন্দিরে যাচ্ছেন এবং হাতজোড় করে চাইছেন ক্ষমা। যদি তিনি ভুল করে থাকেন তাহলে ঈশ্বর তাঁকে ক্ষমা করুন। এমনই আর্তি নিয়ে প্রচারে সামিল হলেন কোচবিহারের তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বসুনিয়া।
সোমবার কোচবিহারের ১ নম্বর ব্লকের দাওয়াগুড়িতে যান। সেখানেও একটি মন্দিরের পুজো দেন। তারপর সেখানে উপস্থিত সকলের কাছে হাতজোড় করে ক্ষমা চাইতে দেখা যায় তাঁকে। মন্দির থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "অনেক ভুল অজান্তেই হয় তাই ক্ষমাপ্রার্থনা করলাম।"
দার্শনিকভঙ্গিতে জগদীশবাবু বলেন, " গীতায় বলা আছে তুমি যা কিছু করবে, আমাকে অর্পণ করে করবে। আমি তোমাকে রক্ষা করব। ক্ষমা চাওয়া কোনও দোষের নয়, বরং এটা মহতের কাজ।"
লোকসভা নির্বাচনের আর একমাস বাকি। কোচবিহারে প্রথম দফাতেই ভোট। তাই জোর কদমে প্রচারে নেমে পড়েছে সমস্ত শাসক-বিরোধী শিবির। কিন্তু শাসকদলের ক্ষেত্রে গোষ্ঠীদ্বন্দ্ব একটি মাথা ব্যাথার কারণ। এ বিষয়ে যাতে বিরোধীদের হাতিয়ার করতে না পারে তাই দলীয় কর্মীদের একজোট করতে মাঠে নেমে পড়েছেন তৃণমূল প্রার্থী।
রবিবার কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের বাড়ির কাছেই প্রচারে করেছেন জগদীশবাবু। ভেটাগুড়িতে গিয়ে তিনি কেন্দ্রীয় মন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, "নিশীথ প্রামাণিক সিতাই চৌপথিতে বলেছেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর উত্তরপ্রদেশ থেকে বুলডোজার এনে আমার বাড়ি গুঁড়িয়ে দেবেন। ওনার ক্ষমতা থাকলে উনি করে দেখান।"