.webp)
ইন্ডিয়া জোট শরিক দলনেতাদের গ্রুপ ছবি।
শেষ আপডেট: 1 June 2024 11:34
দ্য ওয়াল ব্যুরো: আজ, শনিবার শেষ দফার ভোট শেষ হতে না হতেই ঘরোয়া বৈঠকে বসতে চলেছে শাসকদল বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট। বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, ডিএমকে নেতা এমকে স্ট্যালিন বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না বলে সূত্রে জানা গিয়েছে। স্ট্যালিনের জায়গায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী টিআর বালু প্রতিনিধিত্ব করবেন।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের ডাকে বৈঠক বসবে তাঁরই বাসভবনে। এই ঘরোয়া আলোচনায় আগামী ৪ জুন ফলপ্রকাশের পরবর্তী পদক্ষেপ নিয়ে কথা হবে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের মেয়াদ শেষ হচ্ছে আজই। তাই একেবারে অন্তিম পর্বে তিনিও হাজির থাকবেন বৈঠকে।
এছাড়াও বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এবং সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব থাকবেন। এদিন কলকাতা ও সংলগ্ন এলাকায় শেষ দফার ভোট এবং ঘূর্ণিঝড় রেমালের দুর্যোগকে উল্লেখ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা জানিয়ে দিয়েছেন যে, তিনি বৈঠকে হাজির থাকতে পারবেন না।
মমতা বলেন, ১ জুন ইন্ডিয়া জোটের বৈঠকের কথা জানানো হয়েছিল। কিন্তু আমি সকলকে জানিয়ে দিয়েছি একদিকে আমার রাজ্যের ভোট অন্যদিকে ঝড় বিপর্যস্ত ত্রাণকার্য ফেলে আমি কী করে যাব?
এদিকে, এদিনই শেষ হচ্ছে কেজরিওয়ালের জামিনের মেয়াদ। তার আগে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, স্বৈরতন্ত্রের হাত থেকে দেশকে রক্ষা করার লড়াইয়ে তাঁর জেলে যেতে হওয়ায় তিনি গর্বিত বোধ করছেন। একটি ভিডিও বার্তায় কেজরি আরও বলেন, তাঁর সরকার দিল্লির জন্য যা কাজ করেছে তা যেন থমকে না যায়। আগামিকাল মুখ্যমন্ত্রী তাঁর বাসভবন থেকে দুপুর ৩টে নাগাদ তিহার জেলের উদ্দেশে যাত্রা করবেন। জেলে তাঁকে নির্যাতন করা হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন কেজরিওয়াল।
মুখ্যমন্ত্রী আরও বলেছেন, স্বৈরাচারীর বিরুদ্ধে আমরা একজোট হয়ে লড়াই করছি। দেশকে বাঁচাতে গিয়ে আমার যদি কিছু হয়েও যায়, যদি আমার মৃত্যুও হয়, তার জন্য কেউ দুঃখ করবেন না। তাঁর কথায়, পরিবারের সন্তানের মতো আমি আপনাদের জন্য কর্তব্য পালন করেছি। আমার বাবা-মা অত্যন্ত বৃদ্ধ। আমার মা অসুস্থ। জেলে থাকা অবস্থায় আমার মায়ের কথা ভেবে খুব চিন্তা হয়। তাঁর জন্য প্রার্থনা করবেন।