
শেষ আপডেট: 19 May 2024 17:44
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: সোমবার পঞ্চম দফায় রাজ্যের ৭ লোকসভায় ভোট হতে চলেছে। হুগলিতে এদিনই ভোট। সেখানে দুই তারকা প্রতিদ্বন্দ্বী তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্য়ায় ও বিজেপির লকেট চট্টোপাধ্যায়। শুধু তাই নয়, হুগলির ভোট ময়দানে পিছিয়ে নেই বামেরা। তাদের হয়ে লড়াই চালাবেন মনোদীপ ঘোষ। গত এক দেড় মাস ধরে প্রচার করেছেন তিন প্রার্থী। এবার জনগণের মতদানের দিকে তাকিয়ে রয়েছেন তাঁরা। ভোটের আগের দিন রবিবার রচনা বন্দ্যোপাধ্য়ায়ের জন্য পুজো করলেন তৃণমূল কর্মী সমর্থকরা। অন্য দিকে এদিনই বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে গঙ্গায় ডুব দিতে দেখা গেল।
চুঁচুড়ার জায়গায় জায়গায় দলীয় প্রার্থী রচনার জন্য পুজো করেন তৃণমূল কর্মী সমর্থকরা। লক্ষ্মীর ভাণ্ডারে পাওয়া টাকা থেকে চাঁদা তুলে এই পুজোর আয়োজন করা হয়েছিল। এমনকী চুঁচুড়ার এক দরগায় রচনার জয়ের দোয়া চেয়ে তাঁরা ফুল-ফল উৎসর্গ করেন। শাসকদলের নেতাকর্মীরা জানিয়েছেন, তাঁরা জয়ের ব্যাপারে নিশ্চিত। তবুও নিজেদের দলের প্রার্থীর শুভকামনার জন্য এই পুজোর আয়োজন করা হয়েছিল।
এদিক থেকে পিছিয়ে নেই বিজেপি প্রার্থীও। এদিন সকালে লকেট চট্টোপাধ্যায়কে চুঁচুড়ার ময়ূরপঙ্খী ঘাটে দেখা যায়। তিনি সেখান থেকে গঙ্গায় ডুব দিয়ে স্নান করেন। প্রচার শেষে পূণ্য়স্নান করে সূর্য প্রণাম করেন।