
নিজের হাতে চারা পুঁতলেন হিরণ- নিজস্ব চিত্র
শেষ আপডেট: 29 April 2024 18:02
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: গরমে নাভিশ্বাস উঠছে সকলের। বৃষ্টি কবে হবে, সেদিকে তাকিয়ে রয়েছে বাংলার মানুষ। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃতির খামখেয়ালিপনার পিছনে বিশ্ব উষ্ণায়নই দায়ী। তাই প্রকৃতি রক্ষায় সবুজায়নের পরামর্শ দিচ্ছেন তাঁরা। সেই পরামর্শকেই এবার ভোট প্রচারে নিয়ে এলেন বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ।
সোমবার দুপুরে কড়া রোদের মধ্যে প্রচার সেরেছেন বিজেপির এই তারকা প্রার্থী। কেশপুর বিধানসভার অন্তর্গত নাগদা এলাকায় গিয়ে মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন হিরণ। এরপরেই তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। নিজের হাতে গাছের চারা পুঁতে পরিবেশ রক্ষা নিয়ে সাধারণ মানুষকে বার্তা দেন।
মেদিনীপুরের গাছ কমে আসা নিয়েও শাসকদলকে আক্রমণ করেন হিরণ। তাঁর বক্তব্য, শাসকদলের নেতা কর্মীরা বেআইনিভাবে বহুমূল্যবান গাছ কেটে বিক্রি করে ফেলছেন। ক্ষমতায় এলে তারা একটা গাছ কাটলে, দশটা গাছ লাগাবেন।
মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামের তাপমাত্রা ৪৫ ডিগ্রি আশে-পাশে ঘোরাঘুরি করছে। মানুষের প্রাণান্তকর অবস্থা। সকাল থেকেই বাইরে চড়া রোদের দাপট। বেলা ১১ টার মধ্যেই শুনশান হয়ে যাচ্ছে রাস্তাঘাট। যাঁরা বাইরে বেরোতে বাধ্য হচ্ছেন তাঁরাও দ্রুত কাজ সেরে ঢুকে পড়ছেন কোনও আস্তানায়।