
হাজি নরুল ইসলাম-নিজস্ব চিত্র
শেষ আপডেট: 7 May 2024 17:52
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: মনোনয়ন জমা দিতে এসে শেখ শাহজাহান প্রসঙ্গ দূরেই রাখতে চাইলেন বসিরহাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল ইসলাম। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন, "শাহজাহানের কথা বলবেন না। আইন আইনের পথে চলবে। সত্য উদঘাটন হোক এমনটাই শুধু চাই।"
মঙ্গলবার বারাসতে জেলাশাসকের দফতরে এসে মনোনয়ন জমা দিলেন বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল ইসলাম। তৃণমূল কর্মীরা শোভাযাত্রা করে প্রার্থীকে নিয়ে আসেন জেলা শাসক দফতরে। ২০১৪ সালে জঙ্গিপুরে দাঁড়িয়ে হেরে গিয়েছিলেন তিনি। আজ জঙ্গিপুরে ভোটগ্রহণ চলছে। আর এই দিনেই তিনি এসেছেন মনোনয়নপত্র জমা দিতে। সেই প্রসঙ্গ তুলতেই হেসে ফেললেন হাজি নুরুল ইসলাম। বললেন, "জঙ্গিপুরেও জিতবে, বসিরহাটেও জিতবে তৃণমূল।"
সন্দেশখালির ভাইরাল ভিডিও নিয়ে সম্প্রতি ঝড় উঠেছে রাজ্য রাজনীতিতে। এই ভাইরাল ভিডিওয় সন্দেশখালির বিজেপি নেতা গঙ্গাধরকে বলতে শোনা যায়, তাদের দিয়ে ধর্ষণের অভিযোগ করানো হয়েছে। এবং গোটা বিষয়টির জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টাকা দিয়ে সাহায্য করেছেন। এবারের লোকসভা ভোটে বিজেপির প্রধান ইস্যু হয়ে উঠেছিল সন্দেশখালি। কারণ মহিলাদের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান-সহ তাঁর অন্য অনুগামীরা। ভাইরাল এই ভিডিও তৃণমূলের হাতে পাল্টা লড়াইয়ের অস্ত্র তুলে দেয় বলে মনে করছে রাজনৈতিক মহল। এই ভিডিও ভাইরাল হতেই বিজেপি প্রাথমিকভাবে এটিকে ভুয়ো বলে দাবি করেছিল।
তবে হাজি নুরুলের বক্তব্য, "সম্প্রতি প্রকাশ পাওয়া ভিডিওর সত্যতা রয়েছে এবং সেই কারণেই নেতৃত্ব এটিকে সামনে এনেছে। বিজেপি তাদের মতো করে প্রচার করছে। সন্দেশখালিতে আমি যে ক'বার গেছি সেখানকার মানুষ যেভাবে আমাকে আশীর্বাদ করেছে তাতে বোঝাই যাচ্ছে তাঁরা আমাকে ফেরাবেন না। সন্দেশখালির মানুষের রায় চার তারিখেই স্পষ্ট হয়ে যাবে।"