
শেষ আপডেট: 4 April 2024 20:46
দ্য ওয়াল ব্যুরো: শিক্ষামন্ত্রীর পদ থেকে ব্রাত্য বসুকে অপসারণের দাবি রাজ্যপালের। সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, এব্য়াপারে নবান্নে চিঠি পাঠিয়েছে রাজভবন।
সূত্রের খবর, শিক্ষামন্ত্রী হিসেবে ব্রাত্য বসু নির্বাচনী বিধিভঙ্গ করেছেন বলে অভিযোগ রাজ্যপালের। এ ব্যাপারে নির্বাচন কমিশনকেও চিঠি পাঠিয়েছে রাজভবন।
এ ব্যাপারে রাজভবনের তরফে এখন কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। তবে রাজ্যপালের এমন সুপারিশের সত্যতা স্বীকার করে নিয়ে টুইটে পাল্টা আক্রমণ শানিয়েছেন ব্রাত্য বসু। ব্রাত্যর অভিযোগ, রাজ্যপাল শুধু একটি রাজনৈতিক দলের হয়ে আচরণ করছেন তাই নয়, তিনি নিজের সমস্ত সীমাও অতিক্রম করছেন।
টুইটে ব্রাত্যর কটাক্ষ, "আমি রাষ্ট্রপতির কাছে রাজ্যপালের পদত্যাগ দাবি করলে সেটা যতটা হাস্যকর হবে, উনিও সেটাই করেছেন। সংবিধানে পরিষ্কারভাবে বলা হয়েছে, কোনও মন্ত্রীর অপসারণ কেবল মুখ্যমন্ত্রী করতে পারেন। এক্ষেত্রে রাজ্যপাল সাংবিধানিক সীমা অতিক্রম করেছেন। নির্বাচনী বিধিভঙ্গ হয়ে থাকলে তো রাজনৈতিক দলগুলি অভিযোগ করবে। উনি আগবাড়িয়ে কেন এসব করছেন।"
— Bratya Basu (@basu_bratya) April 4, 2024
ঘটনার সূত্রপাত, গত ৩০ মার্চ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে তৃণমূল পন্থী অধ্যাপক সংগঠনের বৈঠক ছিল। সেখানে ব্রাত্যর পাশাপাশি তৃণমূলের লোকসভার দু'জন প্রার্থীও বৈঠকে যোগ দিয়েছিলেন।
রাজ্যপালের দাবি, শিক্ষামন্ত্রী হিসেবে ব্রাত্য নির্বাচনী বিধিভঙ্গ করেছেন। এ ব্যাপারে খোঁজ নিয়ে রাজ্যপাল জানতে পারেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য রজতকিশোর দে-র অনুমতি নিয়েই এই সভা করেছিল ব্রাত্য।
এরপরই মঙ্গলবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য পদ থেকে রজতকিশোর দে-কে সরিয়েছিল রাজভবন। কয়েক ঘণ্টার ব্যবধানে ফের তাঁকে ওই পদে পুনর্বহাল করেছে রাজ্যের শিক্ষা দফতর।
শুধু তাই নয়, বুধবার রাতে এব্যাপারে রাজ্যপালকে কটাক্ষ করে ব্রাত্য একটি টুইট করেচিলেন। তাতে রাজ্যপালকে ভগবানের সঙ্গে তুলনা করে ব্রাত্যর কটাক্ষ ছিল, "ভগবান বৃদ্ধ হয়েছেন, গোলযোগ সইতে পারে না।"
— Bratya Basu (@basu_bratya) April 3, 2024
ব্রাত্যর এই টুইটের জবাবে বৃহস্পতিবার সকালে রাজভবনের তরফে দুটি টুইট করা হয়। পরে তা মুুছেও ফেলা হয়। তবে ওই টুইটকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই একটি টুইট করে।
ব্রাত্য বলেন, "কোনও বিধিভঙ্গ করিনি। রাজ্যপাল মনোনীত অস্থায়ী উপাচার্যর অনুমতি নিয়েই বৈঠক করা হয়েছিল।"