
শেষ আপডেট: 18 April 2024 13:02
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: দেবের সভায় বিপত্তি। আচমকাই হুড়মুড় করে ভেঙে পড়ল মঞ্চ। তবে ঠিক সময়ে তাঁকে সরিয়ে নিয়ে যাওয়ায় বড় বিপদ এড়ানো গেছে।
বুধবার ছিল রামনবমী। দিনভরই প্রচার ও জন সংযোগে ব্যস্ত ছিলেন। রাত আটটা নাগাদ ঘাটালের মনোহরপুর (১) গ্রাম পঞ্চায়েতের শ্যামসুন্দরপুর ঝাউতলায় পথসভা করছিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব। এই সময় হঠাৎই মঞ্চ ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে দেবকে ধরে নেন তাঁর নিরাপত্তারক্ষীরা। তবে ঘটনায় কেউ হতাহত হননি।
দেব ছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন ঘাটাল ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাজি, তৃণমূল নেতা বিকাশ কর। তাঁদেরও নিরাপদে মঞ্চ থেকে নামিয়ে আনা হয়।বুধবার দিনভরই বিতর্ক পিছুতাড়া করেছে দেবের। অভিযোগ, জন সংযোগের সময় এক মঞ্চে বক্তব্য শেষে জয় শ্রী রাম বলে ওঠেন তিনি। আশেপাশেও তখন ধ্বনি ওঠে জয় শ্রী রাম। তারপরেই শুরু হয় বিতর্ক। বঙ্গ রাজনীতির সঙ্গে রামের যোগ বেশি দিনের নয়। বাম-কংগ্রেসের অভিযোগ, ধর্ম আর রাজনীতিকে মিশিয়ে ফেলা তৃণমূল-বিজেপির সংস্কৃতি এখন গ্রাস করেছে বাংলাকে। তবে তৃণমূল এই অভিযোগ মানতে নারাজ। হিন্দুত্ববাদী দল হিসেবে জয় শ্রী রাম ধ্বনি বিজেপির একচেটিয়া বলেই দাবি তৃণমূলের। তাই জয় শ্রী রাম ধ্বনি শুনে প্রকাশ্যেই একাধিকবার অসন্তোষ গোপন করতে পারেননি মুখ্যমন্ত্রী নিজেও।
দেবের মঞ্চ ভেঙে বিপত্তি#TheWallBangla #WestBengal #Dipakadhikary #Ghatal #LokSabhaElection2024 pic.twitter.com/S5BUx8wIWC
— The Wall (@TheWallTweets) April 18, 2024
দেব এদিন সেই স্পর্শকাতর জয় শ্রী রাম ধ্বনি দিতেই শোরগোল পড়ে। দেব অবশ্য পড়ে বলেন, "একজন এই স্লোগান ব্যবহার করে বলে পুরোটাই তো তার নয়। ঠাকুর তো কারও একার নয়। ছোটবেলা থেকে মা-বাবার কাছে এমনটাই শুনেছি। ধর্ম শান্তির বার্তা দেয়। সব ধর্মকে একসঙ্গে নিয়ে চলাই পরম ধর্ম। আর একজন জনপ্রতিনিধি তো সমস্ত শ্রেণির মানুষকে নিয়ে চলে। আমি তো ইফতারে গিয়েছি, তাহলে রামনবমী কী দোষ করল।" তবে এই নিয়ে পথে নেমে পড়েন বিরোধীরা। শুভেন্দু অধিকারীর কটাক্ষ করেন,"ভক্তিতে নয়, ভয়ে এখন জয় শ্রী রাম বলছেন দেব। "