.webp)
শেষ আপডেট: 15 April 2024 21:14
দ্য ওয়াল ব্যুরো: বালুরঘাটে কি এবার উলোটপুরাণ হবে?
বিজেপির বর্তমান সাংসদ তথা প্রার্থী সুকান্ত মজুমদার দলের রাজ্য সভাপতিও। তাঁর হয়ে ইতিমধ্যে প্রচার সেরে গিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামীকাল মঙ্গলবার বালুরঘাটে সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অর্থাৎ রাজ্যের ৪২টি কেন্দ্রের মধ্যে যে কটি কেন্দ্রকে বিজেপি বাড়তি গুরুত্ব দিচ্ছে তার মধ্যে অন্যতম দক্ষিণ দিনাজপুরের এই লোকসভা কেন্দ্রটি।
অন্যদিকে বালুরঘাটে এবারে শাসকদলের প্রার্থী বিপ্লব মিত্র। তাঁর সমর্থনে গত ৬ এপ্রিল তপনে সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, ১৮ এপ্রিল, ২১ ও ২২ এপ্রিল বালুরঘাটে আরও তিনটি জনসভা করবেন মমতা। অর্থাৎ হারানো আসন পুনরুদ্ধারে মরিয়া তৃণমূলও। ফলে বালুরঘাটের রাজনৈতিক জমি কার দখলে থাকবে তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
তাতে বাড়তি নজর কেড়েছেন বালুরঘাটের প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ। আরএসপির শক্তঘাঁটি হিসেবে পরিচিত বালুরঘাটে ২০১৪ সালে ১ লাখ ৬ হাজার ৯৬৪ ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী, নাট্যপরিচালক-অভিনেত্রী অর্পিতা ঘোষ। ২০১৯ সালে সুকান্ত মজুমদারের কাছে ৩৩ হাজার ২৯৩ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন অর্পিতা।
তৎকালীন জেলা সভাপতি বিপ্লব মিত্রের বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ পৌঁছেছিল তৃণমূল ভবনে। সূত্রের খবর, এরপরই বিপ্লবকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে সেই পদে অর্পিতাকে বসিয়েছিলেন নেতৃত্ব।
এবারে অবশ্য বিপ্লববাবুকে প্রার্থী করেছে দল। আর তাঁর হয়ে সামনের সারিতে থেকে প্রচার চালাতে দেখা যাচ্ছে দলের প্রাক্তন সাংসদ অর্পিতাকে। ফলে গোষ্ঠী দ্বন্দ্বের পরিবর্তে সামনে আসছে ঐক্যের ছবি। সেই সূত্রেই বালুরঘাট পুনরুদ্ধারের স্বপ্ন দেখছে তৃণমূল।
অর্পিতা বলেন, "দেশের উন্নয়ন এবং গণতন্ত্রকে রক্ষা করতে বিজেপিকে হারানো জরুরি। মানুষের কাছে গিয়ে আমরা সেটাই বলছি।"