
শেষ আপডেট: 19 April 2024 20:37
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: নারী নির্যাতনের অভিযোগে গত ফেব্রুয়ারিতে উত্তপ্ত হয়ে উঠেছিল উত্তর ২৪ পরগনার সন্দেশখালি। সন্দেশখালির এক নির্যাতিতা মহিলাকেই এবারে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রার্থীও করেছে বিজেপি। শুধু তাই নয়, এবারের ভোটে সন্দেশখালি যে প্রধান ইস্যু, রাজ্য সফরে এসে ইতিমধ্যেই তা স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এবার বোলপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী পিয়া সাহার সমর্থনে এলাকায় প্রচার করতে দেখা গেল সন্দেশখালির পাঁচ নির্যাতিতাকে। শুক্রবার দুপুরে বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ক্ষীরগ্রামে বিজেপির মহিলা মোর্চার সভায় উপস্থিত হয়ে সন্দেশখালির পাঁচ মহিলা তাঁদের উপর হওয়া নির্যাতনের কাহিনি তুলে ধরলেন।
নির্যাতনের করুণ কাহিনি তুলে ধরে সন্দেশখালির পাঁচ মহিলার দাবি, যে তাঁরা বোলপুর লোকসভার কেন্দ্রের মহিলাদের তৃণমূলের বিরুদ্ধে রাস্তায় নেমে লড়াই করার সাহস জোগাতে স্বেচ্ছায় এখানে এসেছেন।
বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে আসা সন্দেশখালির ওই পাঁচ নির্যাতিতা এদিন বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা। তারপরও বাংলার মেয়েদের নির্যাতিত হতে হচ্ছে এবং অপরাধীদের আড়াল করছে সরকার। এর থেকে লজ্জার আর কি হতে পারে।"
বিজেপির মহিলা মোর্চার নেত্রী বুলবুল গোস্বামী বলেন, "তৃণমূল কংগ্রেসের অত্যাচার ও নির্যাতনের কথা এখানকার মহিলাদের বলবার জন্য পাঁচজন মহিলা স্বেচ্ছায় সন্দেশখালি থেকে বোলপুর এসেছেন। বিজেপি প্রার্থীর হয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ভোট প্রচার করতে সন্দেশখালির মহিলারা বিভিন্ন বিধানসভায় ঘুরবেন।"