
শেষ আপডেট: 2 March 2024 09:29
দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের 'বিদ্রোহী মুখপাত্র' কুণাল ঘোষের পাশে দাঁড়ালেন বরাহনগরের তৃণমূল বিধায়ক তাপস রায়। সরাসরি জানিয়ে দিলেন, এবারেও দল যদি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে টিকিট দেয় তাহলে নেত্রী বললেও সুদীপের হয়ে ভোটের প্রচারে নামবেন না তিনি।
তাপসের কথায়, "ভোটের আগে ৩ মাস দেখা যায়, কোনও কাজ করে না। শুধু ফায়দা নিয়ে যায়। এবারে নেত্রী বললেও ভোটে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে কোনও কাজ করব না।"
বিজেপি তথা নরেন্দ্র মোদীর সঙ্গে সুদীপের সখ্য নিয়ে এর আগে উত্তর কলকাতার দাপুটে নেতা বরাহনগরের বিধায়ক তাপস রায় বার বার খোঁচা দিয়েছেন। খোলাখুলি সুদীপের সমালোচনাও করেছেন। তবে তাপস রায় রোজভ্যালি কাণ্ডের কথা কখনও তোলেননি। কিন্তু কুণাল সেটাও বাদ রাখেননি।
গত বৃহস্পতিবার থেকেই টুইটারে বোমা ফাটাতে শুরু করেছেন কুণাল ঘোষ। কখনও সরাসরি সুদীপ বন্দ্যোাধ্যায়ের নাম উল্লেখ করে আক্রমণ শানিয়েছেন, কখনও বা নাম না করে।
এমনকী শুক্রবার ‘সুদীপ বন্দ্যোপাধ্যায় ধেড়ে শাহজাহান’ বলেও কটাক্ষ করেন তিনি। রাতে ফের টুইটে নাম না করে দলের উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তিনি।
পোস্টে নাম না করে সুদীপকে নিশানা করে কুণাল লিখেছেন, “নরেন্দ্র মোদী বাংলার মাটিতে একরাশ কুৎসা করে গেলেন। যুক্তিতে তাঁকে ধুয়ে দেওয়া যায়। কিন্তু ঘটনা হল তাঁর কড়া সমালোচনার মূল দায়িত্ব যাঁদের, দুটি আলাদা বিরোধী দলের লোকসভার দলনেতারা তো প্রধানমন্ত্রীরই লোক”। কুণালের কথায়,“এঁদের সঙ্গে বিজেপির যোগাযোগ। এই দুজনকে দুভাবে ব্যবহার করেন মোদী”। এখানেই না থেমে কুণাাল লিখেছেন,“একজনকে রোজ ভ্যালি থেকে বাঁচিয়ে গলায় বকলস পরিয়ে রেখেছেন (মোদী)।”
তাপসের দাবি, কুণাল ঠিক কথায় বলেছেন। এরপরই খোলামেলাভাবে তাপস জানান, "অনেক দিন আগেই বলে দিয়েছি। আমার পক্ষে সুদীপের হয়ে কাজ করা সম্ভব নয়। নেত্রী বললেও নয়।"