
Lok Sabha Election 2024
শেষ আপডেট: 16 March 2024 06:53
দ্য ওয়াল ব্যুরো: শনিবার দুপুর ৩টেয় সাংবাদিক বৈঠক করে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের ওই ঘোষণার সঙ্গে সঙ্গেই চালু হয়ে যাবে নির্বাচন সংক্রান্ত বিধিনিষেধও।
গত বার সাত দফায় লোকসভার ভোট হয়েছিল। বাংলাতেও ভোট নেওয়া হয়েছিল সাত দফায়। এবারও তার খুব একটা ব্যতিক্রম হবে বলে মনে করা হচ্ছে না। স্বাভাবিকভাবে, ক'দফায় ভোটের ঘোষণা করা হয়, তা নিয়ে কৌতূহল রয়েছে সব মহলে।
কমিশন সূত্রের খবর, লোকসভা ভোটের সঙ্গেই ভগবানগোলা এবং বরাহনগর বিধানসভার উপনির্বাচনের কথাও ঘোষণা করা হতে পারে। ভগবানগোলার বিধায়ক ছিলেন তৃণমূলের ইদ্রিশ আলি। তাঁর মৃত্যুর জেরে ওই কেন্দ্রটি বিধায়কশূন্য হয়ে রয়েছে। কয়েকদিন আগে বিধায়কপদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়। ফলে ওই আসনটিও খালি রয়েছে।
তাৎপর্যপূর্ণভাবে এবারে ভোট ঘোষণার আগেই বাংলায় দু’দফায় ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে। এলাকায় এলাকায় রুটমার্চও শুরু করেছেন তাঁরা। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর আরও আসবে ৭৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ ভোটের সময় মানুষকে নিরাপত্তা দিতে বাংলায় মোতায়েন করা হবে ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
পাঁচ বছর আগে ২০১৯ সালে লোকসভা ভোট ঘোষণা করা হয়েছিল ১০ মার্চ। সেই তুলনায় এবার কদিন দেরিই হল। ফলে ভোট গ্রহণ প্রক্রিয়াও উনিশের তুলনায় কিছুটা পিছোবে বলে মনে করা হচ্ছে। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের প্রথম পর্বের ভোট গ্রহণ হয়েছিল ১১ এপ্রিল। শেষ দফার ভোটগ্রহণ হয়েছিল ১৯ মে। ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছিল ২৩ মে।
ভোট ঘোষণা থেকে পরিষ্কার ১ মাস প্রচারের জন্য সময় দিলে এবার ১৬ এপ্রিল বা ১৭ এপ্রিল থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা। অর্থাৎ ১ লা বৈশাখের পর দিনই প্রথম দফার ভোট হতে পারে। ভোট গণনা হতে পারে মে মাসের একেবারে শেষের দিকে।