
হিরণ চট্টোপাধ্যায় - ফাইল চিত্র
শেষ আপডেট: 27 March 2024 17:28
দ্য ওয়াল ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুমন্তব্য করার কারণে বুধবারই দিলীপ ঘোষকে শোকজ করেছে নির্বাচন কমিশন। এবার ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কেও শোকজ করল তাঁরা। ২৮ মার্চ বিকেল ৫ টার মধ্যে হিরণকে এই ইস্যুতে জবাবদিহি করতে হবে। হিরণের বিরুদ্ধে বিডিও অফিসে ঢুকে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।
মঙ্গলবার ডেবরার ট্যাবাগেরিয়াতে গিয়েছিলেন হিরণ। সন্ধ্যায় ডেবরা বিডিও অফিসে গিয়ে বিডিও-র সঙ্গে দেখা করেন। সেখানে ঢুকে তিনি যা মন্তব্য করেছেন তা নিয়েই বিতর্ক। এবং নির্বাচন কমিশন এই বিষয় নিয়েই তাঁকে শোকজ করেছে। বিডিও অফিসে ঢুকে ঘাটালের বিজেপি প্রার্থীকে বলতে শোনা যায়, ''জেতার পরে কীভাবে টাইট দিতে হয় দেখাব।''
একই সঙ্গে তাঁর নিদান, ''লাঠি-ঝাঁটা নিয়ে গ্রাম পাহারা দিন। গ্রামে কোনও পুলিশ-প্রশাসনের লোকজনকে ঢুকতে দেবেন না। '' অন্যান্য বিজেপি নেতাদের মতো পুলিশকে তৃণমূলের দলদাস বলতেও ছাড়েননি হিরণ। তাঁর কথায়, পুলিশ, এসডিও, বিডিও সবাই শাসক দলের দলদাস। আগামী দু-মাস তাঁদের আটকে রাখতে হবে! ''জেতার পর বাকিটা বুঝে নেব।'' এমনই মন্তব্য করেছিলেন বিজেপি প্রার্থী।
হিরণের এই 'হুমকি' দেওয়ার ভিডিও প্রকাশ্যে আসতেই সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস। তবে নির্বাচন কমিশন বিষয়টিতে হস্তক্ষেপ করতে বেশি সময় নেয়নি। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই জবাব তলব করা হয়েছে ঘাটালের বিজেপি প্রার্থীর। বিডিও অফিসের হুমকি-কাণ্ডের আগে গত ২৪ তারিখ পিংলায় বিজেপি কর্মী শান্তনু ঘোড়ুইয়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় লাঠি-ঝাঁটা নিয়ে মহিলাদের পুলিশকে আটকানোর বার্তা দিয়েছিলেন হিরণ। মঙ্গলবার বিজেপি নেতৃত্বে পিংলায় ঝাঁটা হাতে প্রতিবাদ মিছিল করলেন মহিলারা। মিছিলে পা মেলান তিনিও। সেই ঘটনা নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল।