
সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষ এক সঙ্গে মধ্যাহ্নভোজে-গ্রাফিক্স বৃষ্টিকণা সিরাজ
শেষ আপডেট: 3 May 2024 18:20
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: এতদিন নিজের কেন্দ্রের ভোট নিয়ে ব্যস্ত ছিলেন। তাই বালুরঘাট থেকে চোখ ফেরানোর বিশেষ সময় পাননি। সেখানকার ভোট মিটতেই এবার অন্য কেন্দ্রে নজর দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে শুক্রবার বর্ধমানে এসেছিলেন সুকান্তবাবু। সভা-টভা মেটার পর এই ভরা গ্রীষ্মে বাঙালির মহা তৃপ্তির পান্তাভাতেই অতিথি সৎকার করলেন দিলীপ ঘোষ।
বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এবং বর্ধমান পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকারের সমর্থনে শুক্রবার তালিতের সাঁই মাঠে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর কপ্টার নামে বেলা ১১ টায়। ১১ টা পাঁচ মিনিটে মঞ্চে ওঠেন তিনি। সভা শেষ করে তিনি বীরভূম রওনা হয়ে যান। তারপরেই সুকান্ত মজুমদারকে নিয়ে দুপুরের খাবার খান দিলীপ ঘোষ।
একে ভরা বৈশাখ। তায় তাপপ্রবাহ চলছে দক্ষিণবঙ্গ জুড়ে। শরীর ঠান্ডা রাখতে হবে। তাই পান্তাভাতেই রাজ্য সভাপতিতে আপ্যায়ন করেন দিলীপবাবু। সঙ্গে মাছ ভাজা, মন্তেশ্বর বাজার থেকে আনা টাটকা কলমি শাক ভাজা, কাঁচা পেঁয়াজ আর আচার। পরে সোশ্যাল মিডিয়ায় দিলীপবাবু লেখেন "প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচতে, লু কাটাতে ভরসা পান্তা ভাত। কৃষকরাও এই তপ্ত দুপুরে ধানখেতে বসে পান্তা দিয়েই মধ্যাহ্ন ভোজ সারেন। আমরা যারা এই রাজ্যে সমস্ত লোকসভা কেন্দ্রে পদ্ম ফোটানোর শপথ নিয়েছি, সুস্থ থাকতে আমাদের দুপুরের খাবার তাই পান্তা।"
পুষ্টিবিদরা জানাচ্ছেন, ফার্মেন্টেশনের ফলে পান্তা ভাতে ভিটামিন বি টুয়েলভ বেড়ে যায়। যা ক্লান্তি দূর করে। সাধারণ ভাতের তুলনায় এতে সোডিয়ামের পরিমাণ কম। পটাশিয়াম বেশি। ফলে উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগেন যাঁরা, তাঁদের পক্ষে গরমে এর থেকে ভাল আর কিছু হয় না। সব থেকে বড় কথা, পান্তা ‘বডি রিহাইড্রেটিং ফুড’ হিসেবে পরিচিত। তাই গরমকালের খাবার হিসেবে পান্তা ভাতের জুরি মেলা ভার।
এসবের সঙ্গেই এদিন পান্তাভাতে রাজনীতিও মিশিয়ে দিলেন দিলীপ ঘোষ। সোশ্যাল মিডিয়ার পোস্টে লিখেছেন, "গরম ভাতে জলের মতোই তৃণমূলী সন্ত্রাসের গরম হাওয়ায় জল ঢালবে বিজেপি।"
পান্তাভাতে দুজনের আড্ডাটাও যে বেশ জমে উঠেছিল তা বলাইবাহুল্য। দিলীপবাবু জানিয়েছেন, সাধারণত কাজের ব্যস্ততায় তাঁদের দেখা সাক্ষাৎ হয় না বললেই চলে। বহুদিন পর এদিন নির্বাচনী প্রচারের ফাঁকে একসঙ্গে বসে খাওয়া হল। সঙ্গে চলল গল্প-আড্ডাও।