
দলীয় ফ্ল্যাগ কুড়িয়ে নিচ্ছেন দিলীপ ঘোষ
শেষ আপডেট: 24 April 2024 13:51
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: দলের ঝান্ডা রাস্তায় পড়ে থাকতে দেখে রেগে গেলেন দিলীপ ঘোষ। বুধবার বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী শাঁখারিপুকুর এলাকায় প্রাত:ভ্রমণে যান। সেখানেই দেখা যায় বিজেপির বেশ কয়েকটি পতাকা মাটিতে পড়ে আছে। দেখামাত্র দিলীপ ঘোষ ও অন্যান্য কর্মীরা সেগুলি কুড়িয়ে নেন। এরপরে চা চক্রে বসে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠোর সমালোচনা করেন দিলীপ ঘোষ। বলেন, "বাংলা খাও, জয় বাংলা বল, আর বিরোধীদের ঝান্ডা খোল, মমতা ব্যানার্জির এই কালচার।"
তৃণমূলকে নিশানা করে তিনি বলেন, "আমাদের কর্মসূচি থাকলে কর্মীরা পতাকা লাগায়। আজ এসে দেখি সেগুলো ডান্ডা ভেঙে পথের ধারে ফেলে দেওয়া হয়েছে। ড্রেনের ধার থেকে পাওয়া গেছে পতাকাগুলি। তৃণমূলের রাজনীতি আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছে। এভাবে বিজেপিকে আটকানো যাবে না। চা চক্রের এমন ঠ্যালা ওরা চায়ের দোকান বন্ধ করে দিচ্ছে। ওদের হার নিশ্চিত। কিছু নেশাগ্রস্ত মানুষকে নিয়ে দল চালাচ্ছে। আর বিজেপির ঝান্ডা খুলছে।"
বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে বলে জানান দিলীপ ঘোষ। তৃণমূল অবশ্য তাদের বিরুদ্ধে ওঠা রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন,"সকাল হলেই দিলীপ ঘোষের কাজ হল তৃণমূলকে গালিগালাজ করা। এখন বাজার গরম করতে এসব মিথ্যা অভিযোগ করছে। হারার ভয়ে এসব নাটক করছে।"
এদিন চা-চক্রে এসএসসি মামলায় হাইকোর্টের রায় নিয়ে ফের রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, "উনি চাকরি দেননি, চাকরি বিক্রি করেছেন। কেন্দ্রীয় সরকার রেশনে চাল দেয়, ডাল দেয়, গ্যাস দেয় উনি তা বিক্রি করে দেন।" তৃণমূল নেতাদের উদ্দেশ্য করে দিলীপ ঘোষ বলেন, "যে সমস্ত তৃণমূল নেতা টাকা নিয়ে চাকরি দিয়েছিলেন তাদের কলার ধরে টাকা ফেরত নেওয়া হবে। যাদের চাকরি গেছে তাঁরা একবার সামনে এসে বলুন, বিজেপি কর্মীরা বাড়ি থেকে বের করে নিয়ে চৌরাস্তার মোড়ে দাঁড় করাবে।"