.webp)
অরবিন্দ কেজরিওয়াল।
শেষ আপডেট: 2 June 2024 14:46
দ্য ওয়াল ব্যুরো: ভোটের মুখে আবগারি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল ইডি। ৫১ দিনের মাথায় জামিনে মুক্তি পেয়ে মোদী সরকারের এজেন্সি-রাজের বিরুদ্ধে সরব হয়েছিলেন কেজরিওয়াল। রাজধানী দিল্লিতে কংগ্রেস-আপ জোট করে ভোটে লড়েছিল।
পর্যবেক্ষকদের একাংশ জানিয়েছিলেন, কেজরিওয়ালের জেল যাত্রাকে ঘিরে তৈরি হওয়া সহানুভূতির ঝড়ে উড়ে যাবে গেরুয়া শিবির। যেমনটা হয়েছিল ২০২০ সালের বিধানসভা ভোটে। ৭০টি আসন বিশিষ্ট দিল্লি বিধানসভার নির্বাচনে আপ জয়ী হয়েছিল ৬২টি আসনে। বিজেপি সাকুল্যে পেয়েছিল ৮টি আসন। আপের শতকরা প্রাপ্ত ভোটের হার ছিল ৫৩.৫৭ শতাংশ। আর বিজেপি পেয়েছিল ৩৮.৫১ শতাংশ ভোট।
তবে শনিবার সপ্তম দফা ভোট শেষ হতেই একের পর এক সমীক্ষায় দেশজুড়ে গেরুয়া ঝড়ের ইঙ্গিত দেওয়া হয়েছে। এমনকী এবারে ভোটের সময় বিজেপির অন্যতম স্লোগান 'ইস বার চারশো পার'ও পূরণ হতে পারে বলে মনে করছে টুডেস চাণক্য সহ একাধিক সমীক্ষক সংস্থা।
উত্তরপ্রদেশ, বিহারের মতো রাজধানী দিল্লিতেও গেরুয়া ঝড়ের ইঙ্গিত দেওয়া হয়েছে। টুডেস চাণক্যর মতে, দিল্লির সাতটি লোকসভা আসনের মধ্যে বিজেপি কমবেশি ৬টি আসন পেতে পারে। ১টি আসন বাড়তে বা কমতে পারে। অর্থাৎ বিজেপি যেমন সাতে সাত হতে পারে তেমনই কংগ্রেস-আপ জোট বড়জোর ১টি আসন পেতে পারে বা শূন্য হয়ে যেতে পারে!
প্রায় একই কথা শুনিয়েছে অ্যাক্সিস মাই ইন্ডিয়া- ইন্ডিয়া টুডে। তাদের দাবি, দিল্লিতে এবারে ইন্ডিয়া জোট পেতে পারে ৪৪ শতাংশ ভোট, এনডিএ পেতে পারে ৫৪ শতাংশ এবং অন্যান্যরা ২ শতাংশ ভোট। সাতটি আসনের ৬টিতে এনডিএর জয় হতে পারে। বাড়তে পারে ১টি আসন। অন্যদিকে ইন্ডিয়া জোট ০ থেকে ১ এর মধ্যে ঘোরাফেরা করবে। অন্যান্য সমীক্ষক সংস্থাও একই আভাস শুনিয়েছে।
স্বাভাবিকভাবে কৌতূহল তৈরি হয়েছে, কেজরিওয়াল কি জেলযাত্রার সহানুভূতি পেলেন না? নাকি ভোটের মুখে কেজরিওয়ালের বিরুদ্ধে দিল্লির প্রাক্তন মহিলা কমিশনের চেয়ারপার্সন তথা সাংসদ স্বাতী মালিওয়ালের আনা অভিযোগের জেরেই আপ-কংগ্রেসের ধরাশায়ী অবস্থার আভাস উঠে আসছে সমীক্ষক সংস্থাগুলির রিপোর্টে।
পূর্বাভাস মিলে গেলে বলতে হবে, আপ-কংগ্রেস জোটকে প্রত্যাখ্যান করে এনডিএ জোটেই আস্থা রাখলেন রাজধানীর মানুষ। সেক্ষেত্রে আগামী বছরের বিধানসভা ভোটে এর কতখানি প্রভাব পড়তে পারে তা নিয়েও চর্চা শুরু হয়েছে।
উল্লেখ্য, আবগারি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী মেয়াদ শেষ হয়েছে শনিবার। রবিবার জেলে ফেরার মুহূর্তে ভোট সমীক্ষার রিপোর্ট শুনে কেজরিওয়াল যে বিশেষ স্বস্তিতে নেই তা বলাই বাহুল্য।
তবে একথাও মনে রাখতে হবে, বুথ ফেরত সমীক্ষার অনুমান সবসময় সঠিক হয় না। কখনও কখনও সমীক্ষার উল্টো ফলও দেখা গেছে। কারণ, ভোট শতাংশ থেকে আসন সংখ্যা বের করার প্রক্রিয়া জটিল। সেখানেই অনেক সময়ে ত্রুটি থেকে যায়। ফলে ৪জুন ভোট গণনা না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাবে না।