
শুভেন্দু অধিকারী ও দেবাংশু ভট্টাচার্য।
শেষ আপডেট: 7 June 2024 15:03
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটে রাজ্য জুড়ে নজর কাড়া ফল হলেও পূর্ব মেদিনীপুরে দাগ কাটতে পারেনি তৃণমূল। অতীতে তৃণমূলের দখলে থাকা তমলুক ও কাঁথি লোকসভা আসন এবার গিয়েছে বিজেপির দখলে। সেই সূত্রে রাজনৈতিক মহলের চর্চায় এও উঠে আসছে, রাজ্যে বিজেপির ফল আশানুরূপ না হলেও নিজের জেলায় 'গড়' অক্ষত রাখতে পেরেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
অতীতে বিভিন্ন সভা সমাবেশ থেকে শুভেন্দু একাধিকবার দাবি করেছেন, তৃণমূলের মধ্যে এখনও তাঁর লোক রয়েছে। তমলুক আসনে পরাজয়ের পর এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে বৃহস্পতিবার শুভেন্দুর ওই দাবিকে কার্যত 'মান্যতা' দিলেন তৃণমূলের তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্য। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের পরাজয় সম্পর্কে বলতে গিয়ে দলের একাংশের দিকে আঙ্গুল তুলেছেন দেবাংশু।
ঠিক কী বলেছেন তৃণমূলের এই তরুণ নেতা তথা তমলুক আসনের প্রার্থী?
দেবাংশুর কথায়, "ভোটে লড়তে গিয়ে পূর্ব মেদিনীপুরে অনেক অভিজ্ঞতা হয়েছে এই জেলায় তৃণমূলের অনেকেই দু নৌকায় পা দিয়ে চলছেন। সেই কারণেই এই পরাজয়।" এও জানান, দলের কারা কারা দু নৌকায় পা দিয়ে চলছে তাঁদের তিনি চিহ্নিত করতে পেরেছেন এবং বিষয়টি দলের নেতৃত্বকে জানিয়েছেন।
প্রসঙ্গত তমলুক আসনে এবারে বিজেপি প্রার্থী করেছিল কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। অভিজিতের বিরুদ্ধে তরুণ মুখ হিসেবে দেবাংশুকে প্রার্থী করেছিলেন স্বয়ং তৃণমূল নেত্রী। সেদিক থেকে এই আসনটি দুই দলের কাছেই ছিল 'প্রেস্টিজিয়াস'।
ভোট ঘোষণার শুরু থেকে মাটি কামড়ে পড়েছিলেন দেবাংশু। ফল ঘোষণার সকালেও নিজের জয়ের ব্যাপারে তিনি ছিলেন আত্মবিশ্বাসী। তবে দিনের শেষে প্রায় ৭৭ হাজার ভোটে দেবাংশুকে হারতে হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে। দেবাংশু দাবি, ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে তিনি দেখেছেন যে যে জায়গায় তৃণমূলের নেতারা দু নৌকায় পা দিয়ে চলেন সেখানেই ভোটব্যাঙ্কে তৃণমূলের বিপর্যয় নেমে এসেছে।
ইতিমধ্যে দলের একাংশের বিরুদ্ধে 'কাঠিবাজি'র অভিযোগে সরব হয়েছেন বর্ধমান-দুর্গাপুর আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। যা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এবার নিজের দলের একাংশের বিরুদ্ধে বিজেপির হয়ে কাজ করার অভিযোগ আনলেন দেবাংশ। সেই সূত্রে রাজ্য রাজনীতির চর্চায় উঠে আসছে শুভেন্দুর অতীতের 'দাবি'।