.webp)
শিবকুমারের অভিযোগ ঘিরে বাগযুদ্ধে সিপিএম-কংগ্রেস
শেষ আপডেট: 1 June 2024 15:34
দ্য ওয়াল ব্যুরো: কেরলের একটি মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। অভিযোগ উড়িয়ে কর্নাটকের মন্ত্রীর বিরুদ্ধে কেরলের সম্মানহানির অভিযোগ পাল্টা অভিযোগ করেছেন সিপিএম পরিচালিত ওই রাজ্যের দেবস্থান বিষয়ক মন্ত্রী। মুখ খুলেছেন মন্দির কর্তৃপক্ষও। তাদের বক্তব্য, কর্নাটকের মন্ত্রীর মন্দিরটি সম্পর্কে কোনও ধারণাই নেই। তারপরও নিজের অবস্থানে অনড় শিবকুমার।
কর্নাটকের উপ মুখ্যমন্ত্রী তথা প্রদেশ কংগ্রেস সভাপতির অভিযোগ, কেবলের রাজরাজেশ্বরী মন্দিরে কয়েকজন তাঁর এবং মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার রাজনৈতিক বিনাশ চেয়ে পশু বলি দিয়েছে। তারা বিশেষ পুজো ও যজ্ঞের আয়োজন করেছিল। মন্দিরের পুরোহিতেরা তাতে অংশ নেন।
শিবকুমারের আরও অভিযোগ, মন্দিরে পঞ্চবলি বা পাঁচ উপায়ে পশু বলি দেওয়া হয়। বলি দেওয়া হয় তিনটি মোষ, ২১টি পাঁঠা, পাঁচটি শুয়োর এবং তিনটি মুরগি।
পড়শি রাজ্যের উপ মুখ্যমন্ত্রীর এমন গুরুতর অভিযোগ শুনে তেড়েফুঁড়ে উঠেছে সিপিএম পরিচালিত কেরল সরকার। সিপিএমের কেরল রাজ্য কমিটির সম্পাদক এমবি গোবিন্দন পাল্টা বলেছেন, শিবকুমার মানসিক ভারসাম্য হারিয়েছেন। উনি জানেন না যে ওই মন্দিরে আদৌ পশু বলির চল নেই।
বেঙ্গালুরু থেকে তিনশো কিলোমিটার দূরে অবস্থিত রাজরাজেশ্বরী মন্দির কেরল ও কর্নাটকে খুবই জনপ্রিয়। দুই রাজ্যের মানুষের সেখানে নিত্য যাতায়াত। শিবকুমারের অভিযোগ নিয়ে তাঁর নিজের রাজ্যের মানুষও বিস্মিত।
বেশ কিছুূদিন ধরেই সিদ্দারামাইয়া এবং শিবকুমার নিজেদের বিবাদ ভুলে অভিযোগ করে আসছেন, কর্নাটকে তাদের সরকার পতনের ষড়যন্ত্র চলছে। অভিযোগের তীর ছিল বিজেপির দিকে। তবে নয়া অভিযোগে নিশানা করা হয়েছে সিপিএমকে। কেরলের বাম নেতৃত্ব অভিযোগ অস্বীকার করলেও নিজের বক্তব্যে অনড় শিবকুমার। যদিও, মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া চুপ। তিনি বিবাদে জড়াননি এখনও।