
শ্যাম রঙ্গিলা
শেষ আপডেট: 15 May 2024 22:12
দ্য ওয়াল ব্যুরো: নরেন্দ্র মোদীর গলা নকল করে পরিচিতি পাওয়া শ্যাম রঙ্গিলা তাঁর বিরুদ্ধেই ভোটে লড়তে চেয়েছিলেন। তাই বারাণসীতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী হওয়ার সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন তিনি। কিন্তু প্রার্থী হওয়া হল না। নির্বাচন কমিশন তাঁর মনোনয়ন পত্র বাতিল করে দিয়েছে।
প্রধানমন্ত্রীর গলা নকল করে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন শ্যাম। কিন্তু 'মিমিক্রি' করা বন্ধ করেননি। সোশ্যাল মিডিয়ায় মূলত এই কারণেই তিনি ভীষণ জনপ্রিয়। ইউটিউবে ১০ লাখ সাবস্ক্রাইবার তাঁর। বারাণসীতে নির্দল প্রার্থী হিসেবে মোদীর বিরুদ্ধে লড়লে সেই কেন্দ্র নিয়ে যে অন্যরকম চর্চা হত তা বলাই যায়। কিন্তু তেমনটা হওয়ার আর অবকাশ নেই।
নির্বাচন কমিশন তাঁর মনোনয়ন বাতিল করায় স্বাভাবিকভাবে তাঁদের ভূমিকায় ক্ষুব্ধ শ্যাম রঙ্গিলা। তিনি বলেছেন, গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। তবে সোশ্যাল মিডিয়ায় তাঁর বার্তা, ''নিশ্চয়ই আমার মন ভেঙে গেছে, কিন্তু আমার আত্মবিশ্বাস ভাঙেনি। বারাণসী থেকে যে লড়ছি না, এটা সত্যি।'' এরপরই তিনি নির্বাচন কমিশনকে খোঁচা দিয়ে বলেন, ''কমিশনের কাজ হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। মঙ্গলবার ২৭টি মনোনয়ন জমা পড়েছিল, আর হিসেব দেখানো হয়েছে ৩২টি বাতিল করা হয়েছে!'' তাঁর এও অভিযোগ, নরেন্দ্র মোদী যেদিন মনোনয়ন জমা দিতে এসেছিলেন সেদিন তিনিও মনোনয়ন জমা দিতে যান। কিন্তু জেলা সদর অফিসে তাঁকে ঢুকতেই দেওয়া হয়নি।
শ্যামের আরও দাবি, প্রথমবার তিনি মনোনয়ন জমা দিতে গেলে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। পরে সব নিয়মমাফিক করার পরেও তাঁর মনোনয়ন পত্র জমা নেয়নি নির্বাচন কমিশন। ভোটে দাঁড়ানোর কথা জানিয়েছে প্রথমে ২৯ বছর বয়সি এই কমেডিয়ান বলেছিলেন, প্রধানমন্ত্রী একবার বিরোধীদের নিশানা করে বলেছিলেন, যে যে ভাষা বোঝে আমি তাঁকে সেই ভাষাতেই জবাব দেব। তিনি চান, মোদীকে তাঁর ভাষায় জবাব দিতে।