
বুলডোজার
শেষ আপডেট: 9 May 2024 13:16
দ্য ওয়াল ব্যুরো: এবারের লোকসভা ভোটে উত্তর প্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জনসভায় বিজেপির কর্মী-সমর্থকেরা প্রচারের শুরু থেকেই বুলডোজার নিয়ে যাচ্ছে। এবার এটা জেলায় এক জনসভায় মুখ্যমন্ত্রী মঞ্চে ওঠার আগে বুলডোজারের ব্রেক ডান্স নিয়ে শোরগোল পড়ে যায়। সঙ্গে চলে জয় শ্রীরাম ধ্বনী। মাঠের ধারে বুলডোডার নৃত্য দেখতে ভিড় জমে যায়।
উত্তর প্রদেশে রাজনীতির ময়দানে বুলডোজারকে যুক্ত করার কৃতিত্ব যোগীর। দু বছর আগে বিধানসভা ভোটের মুখে মুখ্যমন্ত্রী যোগী ঘোষণা করেছিলেন, ফের সরকার পরিচালনার সুযোগ পেলে বুলডোজার শাসন চালু করবেন। যোগীর সেই নয়া শাসন ব্যবস্থা হল, দাগি অপরাধীদের ঘর-বাড়ি ভেঙে দেওয়া। বিচারের আগে সাজা দেওয়ার এই ব্যবস্থার বিরুদ্ধে মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। শীর্ষ আদালত জানিয়ে দেয় বিচার শেষ না হওয়া পর্যন্ত বাড়িঘর ভাঙা যাবে না।
যদিও উত্তর প্রদেশের দেখাদেখি মধ্যপ্রদেশ, গুজরাতের মতো একাধিক বিজেপি শাসিত রাজ্যও বুলডোজার শাসন চালু করে বিতর্কের মুখে পড়ে। বিরোধীরা তখন থেকেই অভিযোগ করে আসছে একটা যন্ত্রকে বিজেপি হিন্দুত্বের নিশান করে তুলেছে। বিভাজন তৈরির লক্ষ্যে সংখ্যালঘুদের বাড়িঘরকেই বেশি টার্গেট করা হচ্ছে। যোগীর বুলডোজার বিচারের বিরুদ্ধে বিরোধীরা যত সরব হয়েছে বিজেপি ততই তুলেছে সরকারের দুষ্কৃতি দমন অভিযানে বাধা দেওয়া হচ্ছে।
বুধবার এটার জনসভায় বুলডোজার নৃত্য অবশ্য বেশিক্ষণ চলতে দেওয়া হয়নি। দুর্ঘটনার আশঙ্কায় বিজেপি নেতারা উৎসাহী কর্মী-সমর্থকদের থামিয়ে দেন। যোগী সেখানে বলেন, সমাজবাদী পার্টি ক্ষমতায় থাকাকালে সরকারি জমির কোনও ঠিক ঠিকানা ছিল না। জমি বেদখল হয়ে গিয়েছিল। বিজেপি সরকার জমি পুনর্দখল করেছে। যোগী বলেন, একমাত্র বিজেপিই সুশাসন দিতে পারে। দিন কয়েক আগে এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভূয়সী প্রশংসা করেন গেরুয়া বসনধারী মুখ্যমন্ত্রীর শাসন ব্যবস্থার।
যোগী বুধবার রাজ্যে একাধিক সভায় ভাষণ দেন। ভাষণে অনেকটা সময় ব্যয় করেন অযোধ্যার রাম মন্দির নিয়ে। সমাজবাদী পার্টির নেতা রামগোপাল যাদবের রাম মন্দির সংক্রান্ত একটি মন্তব্য নিয়ে বিজেপি জোরদার প্রচার চালাচ্ছে উত্তর প্রদেশে। পদ্ম শিবিরের অভিযোগ, রাম গোপাল যাদব রাম মন্দির নির্মাণকে অনর্থক বলেছেন। বুধবার অলিগঞ্জের সভায় যোগী বলেন, এমন বিরোধীদের ভোট দেওয়ার অর্থ ইহলোকের পাশাপাশি পরলোককেও বরবাদ করা।
উত্তর প্রদেশে বিজেপির প্রধান প্রতিপক্ষ সমাজবাদী পার্টিই। রাম গোপাল ওই দলের প্রধান অখিলেশ যাদবের কাকা, অর্থাৎ প্রয়াত মুলায়ম সিং যাদবের ভাই। উত্তর প্রদেশে সমাজবাদী পার্টির সঙ্গে কংগেসের জোট হয়েছে। রাম গোপাল জোটের স্টার ক্যাম্পেনারদের একজন।