
পুলিশের কাছে সানস্ক্রিন আর কুলার চাইল বিএসএফ
শেষ আপডেট: 6 May 2024 13:15
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: তীব্র দহনে পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ। বাদ নেই পূর্ব বর্ধমান জেলাও। টানা এক সপ্তাহ তাপমাত্রা ৪০ ডিগ্রির নীচে নামেনি। সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ছু্ঁয়েছে। এই পরিস্থিতিতে ভোটের জন্য আসা কেন্দ্রীয় বাহিনী পুলিশের কাছে সানস্ক্রিন আর ওয়াটার কুলার চাইল। পুলিশ এই বিষয়ে সহযোগিতা করছে বলেই বাহিনীর দাবি।
জেলায় মে মাসে ১৩ এবং ২৫ তারিখ ভোট রয়েছে। ইতিমধ্যেই জেলায় চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ মোড় সংলগ্ন হস্টেলে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। জানা গেছে, কেন্দ্রীয় বাহিনীর তরফে পুলিশের কাছে ওয়াটার কুলার চাওয়া হয়েছে। একইসঙ্গে, তীব্র গরমে রোদের মধ্যে টহল দিতে হচ্ছে। তাই চাওয়া হয়েছে সানস্ক্রিন। বাহিনীর বক্তব্য, যে কোনও পরিস্থিতিতেই মানিয়ে নেওয়ার ক্ষমতা আছে তাঁদের। কিন্তু, তীব্র গরমে সুস্থ থেকে পরিষেবা দিতেই ন্যুনতম দাবি করেছেন তাঁরা।
প্রচণ্ড গরমে বাহিনীর জওয়ানদের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। মেডিক্যাল কলেজে হাসপাতাল সূত্রে জানা গেছে, ভোটের কাজে আসা নিরাপত্তা কর্মীদের জন্য কমিশন বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। এই কারণে বিশেষ ফান্ডও দেওয়া হয়েছে মেডিক্যাল কলেজকে। সেই অনুযায়ী বিশেষ প্রস্তুতি নিয়েছে মেডিক্যাল কলেজ হাসপাতাল।
মেডিক্যাল কলেজের সুপার তাপস ঘোষ বলেন, "ভোটের নিরাপত্তার কাজে আসা কর্মীরা যদি অসুস্থ হয়ে পড়েন তার জন্য পর্যাপ্ত ওআরএস মজুদ করা হয়েছে। বিশেষ বেডের ব্যবস্থা করা হয়েছে। থাকছে আইসিইউ-র ব্যবস্থাও। পাশাপাশি, ভোটের দিন ভোটকেন্দ্রগুলিতে গরম রুখতে জেলা স্বাস্থ্য দফতর কাজ করবে বলেও জানা গিয়েছে। বর্ধমান উত্তর মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস বলেন, "ভোটে নিরাপত্তার দায়িত্ব থাকা কর্মীরা যাতে গরমে কষ্ট না পান তারজন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে বর্ধমান জেলা পুলিশ। ভোটের দিন ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে গরম মোকাবিলায় প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে।"