
শেষ আপডেট: 13 May 2024 14:12
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: ভোটের ডিউটি দেওয়ার সময়ে মৃত্যু হল এক বিএসএফ কর্মী। ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারই ২০৩ নম্বর বুথে। কমিশন সূত্রে খবর ওই বিএসএক কর্মীর নাম মহেন্দ্র সিং। তিনি বিএসএফের এএসআই পদে রয়েছেন। চিকিৎসকরা বলেছেন, হার্ট অ্যাটাকেই ওই সেনাকর্মীর মৃত্যু হয়েছে।
সোমবার চলছে চতুর্থ দফার ভোট । ওই বিএসএফ কর্মীর পোস্টিং ছিল বীরভূম লোকসভা কেন্দ্রের জাগরনী পাঠশালার ২০৩ নং বুথে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুথ কেন্দ্রে ডিউটি দেওয়ার সময়ে তিনি হঠাৎই অসুস্থ বোধ করেন এবং প্রায় সঙ্গে সঙ্গেই জ্ঞান হারিয়ে পড়ে যান। সেই সময়ে ভোট কেন্দ্র থাকা লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি ঘটলে রামপুরহাট মেডিক্যাল কলেজে রেফার করেন চিকিৎসকরা। রামপুরহাট হাসপাতালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
চিকিৎসকরা প্রাথমিকভাবে জানিয়েছেন, ওই সেনাকর্মীর মৃত্যুর হয়েছে হার্ট অ্যাটাকে। সিইও আরিজ আফতাবও একই দাবি করেছেন। যদিও সঠিক কারণ ময়নাতদন্তের পরই জানা যাবে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে।