
অধীরের অভিযোগের পাল্টা ববি
শেষ আপডেট: 27 May 2024 18:08
দ্য ওয়াল ব্যুরো: সোমবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তাঁর সরাসরি অভিযোগ, কলকাতায় শয়ে শয়ে ওয়াকফ জমি ববি হাকিমের নেতৃত্বে লুঠ হয়েছে। সেগুলো প্রমোটারদের দেওয়া হয়েছে।
অধীরের এই অভিযোগের পাল্টা জবাব দিলেন মেয়র ফিরহাদ হাকিমও। অধীর যতটা উত্তেজিত হয়ে বলেছেন, ববি ছিলেন ততটাই নরম। তিনি বলেন, “পাগলে কী না বলে ছাগলে কী না খায়। না আমি সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী না ওয়াকফ বোর্ডের সঙ্গে আমার যোগ আছে।” তাঁর কথায়, “আমি মুসলিম। আমার ধর্ম ইসলাম। আমি একটা জায়গার মোতয়াল্লি। সেখানে মসজিদ সংস্কার করেছি। হস্টেল তৈরি করেছি। প্রমাণ দিতে পারবে না নিজের স্বার্থে আমি কিছু করেছি।”
ফিরহাদ তথা ববি হাকিমের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ করেছে বিজেপি। ধর্মের নামে ভোট চাওয়ার অভিযোগ এনে চিঠি দেওয়া হয়েছে কমিশনের দফতরে। এ ব্যাপারে এদিন অধীর চৌধুরীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ওখানকার যিনি মেয়র আগে নিজেকে মুসলমান মনে করেন। তার পর ভারতীয় মনে করেন, তার পর নিজেকে ভোটার মনে করেন। ওঁর কথা আর কী বলব!”
এর পরই অধীর বলেন, “কলকাতার বুকে শয়ে শয়ে ওয়াকফ সম্পত্তি এই মেয়রের নেতৃত্বে লুঠ হয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, লুঠ হয়েছে লুঠ হয়েছে লুঠ হয়েছে”।
প্রদেশ কংগ্রেস সভাপতি আরও বলেন, “তিনি কত বড় মুসলমান তা মুসলমান সমাজের সকলেই জানেন। তিনি মুসলমানের অভিনয় করেন। ভোটের বাজারে দিদির হয়ে দালালি করেন। তিনি মুসলমান সমাজের জন্য কিছু করেননি সেটা মুসলমান সমাজ ভাল করে জানে। তা যদি করতেন তা হলে কলকাতার বুকে শয়ে শয়ে ওয়াকফ সম্পত্তি লুঠ হত না। প্রমোটারদের হাতে চলে যেত না”।
জবাবে ববি বলেন, “ইসলাম অবশ্যই আমার ধর্ম। কিন্তু ধর্মকে আমি রাস্তায় নামাইনি।” মেয়রকে প্রশ্ন করা হয়, তিনি কি মানহানির মামলা করবেন?
ফিরদাহ হাকিম বলেন, “না না এই সব রাজনৈতিক কচকচানির মধ্যে আমি ওসব আনতে চাই না। আমি ওনার ওখানে গিয়ে প্রচারে যা তা বলেছিলাম। হয়তো সে কারণেই এ সব বলছেন। উনি প্রমাণ দেখান তার পর আইনি ব্যাপার দেখা যাবে।” তাঁর কথায়, “আমি বলব, অধীরবাবুর মানসিক ভাবে সুস্থ থাকুন। ভাল থাকুন। হেরে গেলেও রাজনীতি ছাড়বেন না। অনেক পুরনো নেতা।”
পর্যবেক্ষকদের মতে, ববির কথাতেই পরিষ্কার যে তিনি বিতর্ক বাড়াতে চাইছেন না। তিনি মনে করছেন, অধীর এসব কথা বলে রাজনৈতিক আক্রমণ করেছেন। আপাতত রাজনৈতিক ভাবেই তার জবাব দিতে চেয়েছেন মেয়র।