
বিজেপি কর্মী সমর্থকদের বাস ভাঙচুর
শেষ আপডেট: 28 May 2024 19:32
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: মোদীর সভায় যোগ দিতে আসা বিজেপি কর্মী-সমর্থকদের বাসে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটে অশোকনগর শেরপুর জোড়া পুকুর এলাকায়।
মঙ্গলবার দুপুরে অশোকনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ছিল। প্রধানমন্ত্রী কী বলবেন, সেদিকে নজর রেখেছিলেন বিজেপির নেতা-কর্মীরা। অনেকেই বাস ভাড়া করে অশোকনগরে পৌঁছে গেছিলেন। সভাস্থলের বেশ কিছুটা দূরে বিজেপির পতাকা লাগানো বাস রাখা হয়েছিল। কর্মীরা তখন সভাস্থলে ছিলেন। সেই সময়ে দুটি বাইকে করে তিন-চারজন সেখানে উপস্থিত হয়। অভিযোগ, তারা বাসের দিকে ছুড়তে থাকে থান ইট। বাসের ভিতরে থাকা চালক ভয়ে সিটের নীচে লুকিয়ে পড়েন। পরে চিৎকার চেঁচামেচি শুরু করতে ওই দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে বাইক করে পালিয়ে যায়।
বিজেপি এক কর্মী বলেন, " আমরা সেই সময়ে ঘটনাস্থলে ছিলাম না। চালক ফোন করে জানান, বাসে কয়েকজন এসে হামলা করেছে। খবর পেয়ে তড়িঘড়ি আমরা সভাস্থল ছেড়ে ঘটনাস্থলে ছুটে আসি। এসে গিয়ে দেখি ইট মেরে বাসের সমস্ত কাচ চুরমার করে দেওয়া হয়েছে। আমরা আতঙ্কিত হয়ে পড়েছি।" এই ঘটনার নেপথ্যে তৃণমূলের দুষ্কৃতীরাই রয়েছে বলে তাঁদের দাবি। যদিও বিষয়টি নিয়ে তৃণমূল কোনও প্রতিক্রিয়া দেয়নি।