
শেষ আপডেট: 10 April 2024 13:07
দ্য ওয়াল ব্যুরো: রাতের অন্ধকারে বিজেপির উত্তর কলকাতার জেলা সভাপতি তমোঘ্ন ঘোষের বাড়ির সামনে সিসিটিভি ক্যামেরা ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল এলাকায়। বিজেপির অভিযোগ, তৃণমূলই এই কাণ্ড ঘটিয়েছে।
বাড়ির সামনে সিসি ক্যামেরা ভাঙার ঘটনায় নিজের খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন বিজেপি নেতা তমোঘ্ন। তাঁর দাবি, "প্রচারের কাজে প্রতিদিনই বাড়ি ফিরতে অনেকটা রাত হয়। হতে পারে আমাকে বাড়ির সামনে খুন করার পরিকল্পনা করা হচ্ছে। তাই সিসি ক্যামেরা ভাঙা হল। যদি আমার মৃত্যু হয় তাহলে দায়ী থাকবে তৃণমূল।"
খবর পেয়ে এদিন সকালে তমোঘ্নর বাড়িতে যান উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। পরে তমোঘ্ন ঘোষ ও তাপস রায়ের নেতৃত্বে বিজেপির নেতা-কর্মীরা আমহার্স্ট স্ট্রিট থানায় পৌঁছে বিক্ষোভ শুরু করেন। বেলা ১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত থানার সামনে অবস্থানে বসেছেন বিজেপির নেতা-কর্মীরা। তাঁদের দাবি, অবিলম্বে ঘটনার তদন্ত শুরু করে অভিযুক্ত তৃণমূল নেতা-কর্মীদের গ্রেফতার করতে হবে।
অবস্থান বিক্ষোভের জেরে রাজা রাম মোহন রায় সরণিতে তীব্র যানজট তৈরি হয়। খবর পেয়ে থানার সামনে হাজির হন তৃণমূল কর্মীরাও। পরস্পর পরস্পরের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।
যদিও বিজেপির আনা অভিযোগ উড়িয়ে দিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা পার্থ ভৌমিক। পার্থ বলেন, "এই ধরনের ঘটনা নিশ্চযই নিন্দনীয়। পুলিশে অভিযোগ জানালে পুলিশ নিশ্চয়ই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তবে যেভাবে ভোটের বাজারে প্রচার পাওয়ার জন্য তৃণমূলের নাম জড়ানো হচ্ছে, সেটাও সমান নিন্দনীয়।"
অন্যদিকে সদ্য দলবদলে বিজেপিতে যাওয়া তাপস রায় বলেন, "পুলিশ নিষ্ক্রিয় রয়েছে বলেই পরিস্থিতি আজ এই জায়গায় পৌঁছেছে।" পুলিশ অবশ্য জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
তমোঘ্ন ঘোষ জানিয়েছেন, মঙ্গলবার গভীর রাতে তাঁর বাড়ির সামনে থাকা সিসি ক্যামেরা কে বা কারা ভেঙে দিয়েছে। আর ওই ঘটনাকে ঘিরেই এদিন সকাল থেকে এলাকায় বাড়ছে রাজনৈতিক উত্তেজনা।