
শেষ আপডেট: 7 March 2024 15:28
দ্য ওয়াল ব্যুরো: রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীকে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে। তৃণমূলের মিছিলে যোগ দিয়েছেন তিনি। বৃহস্পতিবারই ডোরিনা সভা মঞ্চে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছেন মুকুটমণি অধিকারী। বুধবার বিজেপিতে যোগ দিয়েছেন তাপস রায়। তারই পাল্টা এই যোগদান বলে মনে করছে রাজনৈতিক মহল।
নারী দিবস উপলক্ষে কলকাতার রাজপথে মিছিল করছে তৃণমূল। সেই মিছিলেই হাঁটলেন রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী। এতএব লোকসভা ভোটের আগে বিজেপিতেও ভাঙন ধরে গেল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই তিনি এলেন ঘাসফুল শিবিরে। এদিন মিছিল থেকেই দলীয় পতাকা হাতে তুলে নেন মুকুটমণি।
.@BJP4Bengal leader & MLA Mukutmani Adhikari joined our party and marched in our rally on the eve of #InternationalWomensDay.
— All India Trinamool Congress (@AITCofficial) March 7, 2024
When BJP leaders leave their anti-women party and extend you support, you know that you are on the right side of history.
Standing tall for women's… pic.twitter.com/MZUGFLO37K
রানাঘাটের বিদায়ী সাংসদ জগন্নাথ সরকার আসন্ন নির্বাচনে ফের প্রার্থী হচ্ছেন। রাজনৈতিক মহল মনে করছে, এবার টিকিট পাওয়ার বিষয়ে আশাবাদী ছিলেন মুকুটমণি। কিন্তু তেমনটা হয়নি। পাশাপাশি জগন্নাথ সরকারের সঙ্গে মুকুটমণি অধিকারীর সম্পর্কের সমীকরণও ইতিবাচক নয়। তাই তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে চলে এলেন।
লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তার আগেই বাংলায় কার্যত দলবদলের হি়ড়িক লেগে গেছে। কংগ্রেস থেকে বিজেপিতে এসেছেন কৌস্তভ বাগচী। তৃণমূল থেকে বুধবারই গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন তাপস রায়। আবার বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পদ্মবাহিনীর সদস্য হয়েছেন। একে একে বিজেপির পাল্লা ভারী হচ্ছিল। সেইদিক থেকে এবার পাল্টা বিজেপিতে ভাঙন ধরাল তৃণমূল কংগ্রেস।