
(বাঁ থেকে) শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং জে পি নাড্ডা
শেষ আপডেট: 21 March 2024 18:37
দ্য ওয়াল ব্যুরো: লোকসভার লড়াইয়ে বিজেপি প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছিল ২ মার্চ। তারপর থেকে প্রায় বিশ দিন কেটে গেছে। বাংলায় দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণার নাম নেই। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী আদৌ টিকিট পাবেন কিনা, উত্তর কলকাতা থেকে তাপস রায় বা তমলুক থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেই প্রার্থী করা হবে কিনা এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি।
গত ২ মার্চ বাংলার ২০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল বিজেপি। তবে ২৪ ঘণ্টা না কাটতেই আসানসোলের প্রার্থী তথা ভোজপুরী গায়ক ও অভিনেতা পবন সিং জানিয়ে দিয়েছিলেন, তিনি সরে দাঁড়াচ্ছেন। আসানসোল থেকে ভোটে লড়বেন না। বাঙালি মহিলাদের সম্পর্কে পবনের যৌনগন্ধী গানের কারণে সম্ভবত বিজেপিই তাঁকে এই ঘোষণা করতে বলে। অর্থাৎ বাংলায় বিজেপির ২৩ জন প্রার্থীর নাম ঘোষণা করা এখনও বাকি রয়েছে।
রাজ্য বিজেপি সূত্রে দশ দিন আগে বলা হচ্ছিল, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা কেন্দ্র ধরে ধরে তিন জন করে প্রার্থীর নাম পাঠিয়ে দিয়েছেন। এর পর দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক হবে। শুভেন্দু-সুকান্তদের আর দিল্লি যেতে হবে না। কিন্তু দেখা যায়, গত রবিবার জরুরি ভিত্তিতে শুভেন্দুকে দিল্লিতে ডেকে পাঠানো হয়।
সূত্রের দাবি, কয়েকটি আসনে প্রার্থী বাছাই নিয়ে শেষ মুহূর্তে জটিলতার কারণে দ্বিতীয় তালিকা প্রকাশে সময় লাগছে। যেমন দমদম ও বারাসত আসনে প্রার্থী বাছাইয়ের ব্যাপারে পুনরায় বিবেচনা করা হচ্ছে। বর্ধমান দুর্গাপুর আসনে সুরিন্দর সিং আহলুয়ালিয়াকে ফের প্রার্থী করার সম্ভাবনা ক্ষীণ। সেই আসনে প্রার্থী বাছাই করা নিয়েও ধন্ধ রয়ে গেছে। তা ছাড়া সমস্যা রয়েছে দার্জিলিং আসনটি নিয়েও। ওই আসনের এবার বড় দাবিদার হলেন দার্জিলিংয়ের ভূমিপুত্র তথা প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন সিংলা। কিন্তু বর্তমান সাংসদ রাজু বিস্তকে সরালে সংগঠনের মধ্যে প্রভাব পড়তে পারে। এই সাত পাঁচ কারণে দার্জিলিংয়ের জন্য প্রার্থী বাছতে সময় লেগেছে।
বিজেপি সূত্রে খবর, শেষ মুহূর্তে আর কোনও অঘটন না ঘটলে শনিবার অর্থাৎ ২৪ মার্চ বাংলার দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ হয়ে যাবে। সেই দিন এক লপ্তে বাকি ২৩টি আসনে প্রার্থী ঘোষণা হয়ে যাবে কিনা তা অবশ্য স্পষ্ট নয়। তবে প্রথম তিন দফার ভোটের জন্য যে সব আসনে এখনও প্রার্থী ঘোষণা করা যায়নি, তা প্রকাশ করে দেওয়া হবে।