
ভোটের ফলাফলের পর বড় পরিকল্পনা বিজেপির - প্রতীকী ছবি
শেষ আপডেট: 3 June 2024 08:40
দ্য ওয়াল ব্যুরো: ৪ জুন লোকসভা ভোটের ফলপ্রকাশ। তবে তার আগেই নরেন্দ্র মোদী কোথায় আর কবে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন, তার পরিকল্পনা করে ফেলেছে বিজেপি শিবির! দলের নেতা, কর্মী এবং সমর্থকদের চোখে-মুখে আত্মবিশ্বাস ঝরে পড়ছে। শুধু মোদীর শপথ গ্রহণের পরিকল্পনা নয়, ভোটের ফলপ্রকাশের পর কীভাবে তা উদযাপন করা হবে, সেই কথাও ভাবা হয়ে গেছে গেরুয়া বাহিনীর!
শনিবার ভোট শেষ হওয়ার পর যে'কটি বুথফেরত সমীক্ষা প্রকাশ করা হয়েছে তার প্রায় সবকটিতেই বলা হয়েছে যে, এনডিএ বিপুল পরিমাণ আসন পেয়ে জিতছে। বিজেপি একক দল হিসেবেও সবথেকে বড় জয়ের দিকে এগোচ্ছে। গেরুয়া শিবির ইতিমধ্যে এই 'ভবিষ্যদ্বাণী' মেনে নিয়ে নিজেদের যাবতীয় পরিকল্পনা তৈরি করে রেখেছে। চলতি সপ্তাহের শেষেই তারা একটি বড় রাজনৈতিক অনুষ্ঠান করতে চলেছে বলে সূত্রের খবর।
ইতিমধ্যেই নরেন্দ্র মোদীর শপথগ্রহণের পুরো পরিকল্পনা করে ফেলেছে গেরুয়া শিবির। কানাঘুষো শোনা যাচ্ছে, এবার রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত বিস্তৃত 'কর্তব্য পথ'-এ খোলা মঞ্চ করা হবে। সেখান থেকেই শপথ নেবেন মোদী। আগামী ৯ জুন এই শপথগ্রহণ অনুষ্ঠান হতে পারে। আর এবার সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, সপ্তাহের শেষেই বিজেপি আলাদা করে এক রাজকীয় অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে। তার জন্য ইতিমধ্যে ডাকা হয়েছে প্রায় ২২ লক্ষ টাকার টেন্ডারও।
সূত্রের খবর, গত ২৮ মে এই টেন্ডার ডাকা হয়েছে রাষ্ট্রপতি ভবন ফুল এবং অন্যান্য উপকরণ দিয়ে সাজানোর জন্য। সোমবার থেকে সেই কাজ চালু হওয়ার কথা। আগামী পাঁচ দিনের মধ্যে তা শেষ করতে হবে। পাশাপাশি বিজেপি একই দিনে 'ভারত মান্ডপম' বা 'কর্তব্যপথ'-এ নিজেদের অনুষ্ঠান করতে উদ্যোগী হয়েছে।
যে অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হয়েছে তাতে ভারতীয় সংস্কৃতি তুলে ধরার জন্য লাইট অ্যান্ড সাউন্ড শো করা হতে পারে। একই সঙ্গে ৮,০০০ থেকে ১০,০০০ লোক আমন্ত্রণ করা হতে পারে যার মধ্যে বিদেশের রাজনৈতিক ব্যক্তিত্বরাও থাকবেন। যদিও স্বাভাবিকভাবেই এখনও এই অনুষ্ঠানের কোনও সরকারি ঘোষণা হয়নি।
আগামী ৪ তারিখ নিয়ে বিজেপির আত্মবিশ্বাস যে তুঙ্গে তা বলতে দ্বিধা নেই। তবে বিরোধী শিবিরের দাবি, আত্মতুষ্টিতে ভুগছে বিজেপি। ২০০-র কম আসন পাবে তারা এবং ক্ষমতায় আসবে ইন্ডিয়া জোট। মঙ্গলবার ভাগ্যের চাকা কাদের দিকে ঘোরে সেটাই দেখার বিষয়।