
ফাইল ছবি
শেষ আপডেট: 15 April 2024 11:55
দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রে লোকসভা নির্বাচনে বিজেপির তারকা-প্রচারকদের তালিকা থেকে বাদ পড়লেন 'শিবির-বদলু' মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। কেননা, দুজনের কেউই সরাসরি বিজেপির সদস্য নন। রাজ্যে শাসক জোটের শরিক মাত্র। রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার এক চিঠিতে জানিয়ে দিয়েছিলেন, তারকা-প্রচারকদের মধ্যে অন্য কোনও দলের সদস্যকে রাখা যাবে না। দলের থেকেই প্রচারক নির্বাচিত করতে হবে।
প্রয়াত বাল ঠাকরের শিবসেনা ভেঙে একনাথ শিন্ডে এবং শারদ পাওয়ারের ভাইপো অজিত এনসিপি ভেঙে বিজেপি জোটে এসেছিলেন। স্বভাবতই এই 'স্বার্থবাহী' শিবির বদলের কথা মাথায় রেখে তারকা প্রচারের তালিকা থেকে তাঁদের ছেঁটে ফেলা হয়েছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের মত। তাছাড়া, সরাসরি বিজেপির খাতায় দুজনের কারওরই নাম নেই। ফলে 'মোদী-উপাসক' হওয়া সত্ত্বেও তাঁদের বিজেপির প্রচারের প্রথম তালিকা রাখা হয়নি।
নির্বাচন কমিশনে ইতিমধ্যেই বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ ৪০ জন তারকা-প্রচারকের নামের তালিকা জমা দিয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে লেখা এক চিঠিতে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং বলেছেন, আপাতত এই তালিকাই দেওয়া হচ্ছে। তবে পরে বিধি মোতাবেক সময় মেনেই পরবর্তী অতিরিক্ত তালিকা দেওয়া হতে পারে।
অন্যদিকে, শিন্ডে-সেনার তালিকাতেও তারকা-প্রচারকদের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং অজিত পাওয়ার প্রমুখ। রাজ্য বিজেপির তালিকায় যেমন নাম ছিল মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটাওয়ালের। কিন্তু, তারপরেই পাওয়ার গোষ্ঠীর এনসিপি রাজ্য নির্বাচন কমিশনে একটি অভিযোগ জানায়। সেই অভিযোগের ভিত্তিতেই বিজেপি পরবর্তীতে অ-বিজেপি দলের নেতৃত্বকে তালিকা থেকে ছেঁটে ফেলে। প্রসঙ্গত, মহারাষ্ট্রে ১৯ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত পাঁচ দফায় ভোটগ্রহণ হবে।