
নবীন পটনায়েক
শেষ আপডেট: 25 May 2024 07:52
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান গত সপ্তাহে সাংবাদিক বৈঠক ডেকে দাবি করেছিলেন, মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের শারীরিক অবস্থা গুরুতর। তিনি কোনও মন্ত্রী, সচিবের সঙ্গে দেখা করছেন না, ফোন ধরছেন না। ঘনিষ্ট এক-দু’জন অফিসার মুখ্যমন্ত্রীর বাংলোয় ক্যাম্প করে আছেন। তাঁরাই নবীনের বকলমে প্রশাসন চালাচ্ছেন।
ধর্মেন্দ্র শুধু কেন্দ্রীয় মন্ত্রী নন, তিনি ওড়িশায় বিজেপির মুখ্যমন্ত্রী মুখ। পড়শি ওই রাজ্যে লোকসভার সঙ্গে বিধানসভার ভোটও হচ্ছে। ধর্মেন্দ্র অমন গুরুতর অভিযোগ করার পরও নবীনের প্রশাসন এবং পার্টি তেমন একটা মুখ খোলেনি। অভিযোগ খণ্ডনে জোরদার প্রয়াস লক্ষ্য করা যায়নি। শুক্রবার আরও একধাপ এগিয়ে রাজ্য বিজেপির এক শীর্ষ নেতা রাজ্যের পুলিশ প্রধানকে চিঠি দিয়ে জানতে চেয়েছেন, আমাদের জানানো হোক মুখ্যমন্ত্রী কোথায় আছেন। সেই সঙ্গে আরও বলেছেন, আমাদের ধারণা, বিকে পাণ্ডিয়ান মুখ্যমন্ত্রীকে বাংলোয় আটকে রেখেছেন। মুখ্যমন্ত্রী এখন গৃহবন্দি।
শনিবার ষষ্ঠ দফায় ওড়িশাতেও লোকসভা এবং বিধানসভার একাধিক আসনে ভোট নেওয়া হচ্ছে। ভোট শুরুর কয়েক ঘণ্টা আগে মুখ্যমন্ত্রীর সুস্থতা এবং তিনি কোথায় আছেন তা নিয়ে প্রশ্ন তুলে দিয়ে শোরগোল ফেলে দিয়েছে বিজেপি।
মুখ্যমন্ত্রী নবীনের অসুস্থতা গোপন বিষয় নন। ৭৭ বছর বয়সি মুখ্যমন্ত্রী সচিবালয়ের পরিবর্তে বাড়ি থেকেই বেশিরভাগ দিন কাজ করেন। বহু দিন ধরেই এই ব্যবস্থা চলছে। বিজেপি এবার মুখ্যমন্ত্রীর অসুস্থতাকেই ভোটে হাতিয়ার করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচারে গিয়ে ওড়িশাবাসীকে ইয়ং মুখ্যমন্ত্রী উপহার দেওয়ার কথা বলেছেন। ১০ জুন বিজেপির মুখ্যমন্ত্রী শপথ নেবে বলেও ঘোষণা করে দিয়েছেন প্রধানমন্ত্রী।
নবীনের পাশাপাশি তাঁর সেকেন্ড ইন কমান্ড তামিলভাষী অফিসার বিকে পাণ্ডিয়ানকেও নিশানা করেছে পদ্ম শিবির। একটি সূত্রের খবর, পাণ্ডয়ান ছিলেন মুখ্যমন্ত্রী নবীনের সবচেয়ে আস্থাভাজন অফিসার। তিনি মাস কয়েক আগে চাকরি থেকে ইস্তফা দিয়ে পুরোপুরি নবীনের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে পড়েছেন তিনি। একটি সরকারি পদ থাকায় তিনি পূর্ণমন্ত্রীর মর্যাদা পান। পাণ্ডিয়ানকে ডিঙিয়ে নবীনের কাছে যাওয়ার সুযোগ নেই বললেই চলে। অনেকে তাঁকে দল ও সরকারের নবীনের উত্তরসূরী মনে করছে। তার উপর ভোটের ভরা মুরশুনে নবীনের অনুপস্থিতি নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে যা উসকে দিয়েছে বিজেপি।
তাৎপর্যপূর্ণ হল, বিজেপির অভিযোগের জবাব দিতে টিম নবীন এবং বিজু জনতা দলের ভরসা শুধু সোশ্যাল মিডিয়া। সেখানে মুখ্যমন্ত্রী ও পার্টির আইটি সেল শুধু মুখ্যমন্ত্রীকে নিয়ে কিছু পুরনো ভিডিও প্রচার করছে। ফলে নবীনের অসুস্থতা নিয়ে জল্পনা বাড়ছে। আর তা উসকে নিয়ে ভোটের বাক্সে ফায়দা তুলতে কোমর বেঁধে নেমেছে পদ্ম শিবির।